অর্থনীতিতে কিছুটা বিপর্যয়ের আশঙ্কা অর্থমন্ত্রীর
হরতালের কারণে দেশের অথনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট (২০১৩-১৪) আলোচনায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন। তিনি অবশ্য বলেন, ‘বিগত যেকোনো বছরের তুলনায় অর্থনীতি অনেক ভালো আছে। তবে একটা বিপর্যয় (সেটব্যাক) হতে পারে। সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।’এর কারণ হিসেবে তিনি বলেন যে ‘হরতাল-টরতাল যদি আবার বেড়ে যায়’।এর আগে গত বুধবার এক অনুষ্ঠানে দেশ থেকে ‘হরতাল বিতাড়িত’ করার আহ্বান জানান মুহিত।বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, স্থানীয় উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে আগামী অর্থবছর থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে জেলা বাজেট।মুহিত বলেন, ‘জেলা বাজেট চালু করার বিষয়ে আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি। পরীক্ষামূলকভাবে আগামী বাজেটে জেলা বাজেট চালু করা হবে।’আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান যে আপাতত টাঙ্গাইল জেলার জন্য এই বাজেট করা হবে। তবে আরও জেলাকে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম বাজেট ভাষণে জেলা বাজেট করার প্রতিশ্রুতি দিয়েছিল।এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের সঙ্গে সংশোধিত বাজেটের ব্যবধান ‘খুব বেশি’ হবে না। আগামী বাজেটে যোগাযোগব্যবস্থা, বিশেষ করে রেলওয়ের উন্নয়নে গুরুত্বারোপ করা হবে বলেও জানান তিনি।মুহিত বলেন, ‘সড়ক যোগাযোগব্যবস্থায় আমরা অনেক এগিয়ে আছি। তাই নতুন সড়কের প্রয়োজন নেই। রেলপথ বাড়াতে হবে আমাদের। এবং অবশ্যই আমাদের মালবাহী ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।’আলোচনায় ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ অংশ নেন।