যুক্তরাষ্ট্র সরকার সে দেশের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) সাময়িকভাবে প্রত্যাহার করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলেছে, বাংলাদেশ সরকার যখন কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত দেশের রপ্তানি খাত তথা অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। ঢাকা চেম্বার থেকে গতকাল সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে জিএসপি প্রত্যাহারের এ সিদ্ধান্ত থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের সরকারকে আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি আরও বলেছে, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম হলো শ্রমিক অধিকার রক্ষায় বিদ্যমান শ্রম আইন সংশোধন, শ্রমিকদের মজুরি নির্ধারণে কমিশন গঠন, ঝুঁকিপূর্ণ কারখানা ও ভবন চিহ্নিতকরণ এবং ব্যবস্থা নেওয়া। এ ছাড়া ইতিমধ্যে টিকফা চুক্তি সইয়ে ইতিবাচক অগ্রগতিও হয়েছে। ডিসিসিআই বলেছে, যদিও জিএসপি প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশে খুবই নেতিবাচক প্রভাব ফেলবে, তার পরও যেহেতু এটি পুরোপুরি প্রত্যাহার করা হয়নি, তাই এখনো জিএসপি পুনর্বহালের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আগামী ছয় মাসের মধ্যে পুনরায় জিএসপি সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের শর্তগুলো পূরণে দ্রুত কাজ করতে হবে।