অর্থনীতিতে নানা নেতিবাচক অভিঘাত আসবে সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতিকে নানা নেতিবাচক অভিঘাত পার হতে হবে সামনে। এ অবস্থা থেকে পার পেতে সমন্বিত সামস্টিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।তবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বাংলাদেশ এখন রাজনৈতিক বাণিজ্য চক্রের (পলিটিক্যাল বিজনেস সাইকেল) মধ্যে রয়েছে। পদ্মা সেতুসহ অনেক বড় প্রকল্প অবাস্তবায়িত। অনেক জনপ্রিয় কর্মসূচিও বাস্তবায়নের বাইরে রয়ে গেছে। সুতরাং, অর্থনীতির সামগ্রিক মূল্যায়নের সময়টা ঠিক এখনই নয়।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যও বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধিসহ অর্থনীতিতে নানা অভিঘাত বিদ্যমান ঠিক, তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার মধুচন্দ্রিমার দিনও শেষ হয়ে গেছে।রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার অনুষ্ঠিত ‘বাংলাদেশের অর্থনীতির হালচিত্র, আইএমএফ সাহায্যপুষ্ট কার্যক্রম এবং অর্থনৈতিক পূর্বাভাস’ শীর্ষক সংলাপে এসব আলোচনা হয়। সফররত আইএমএফ মিশনের প্রধান ডেভিড কাউয়েন এতে প্রবন্ধ উপস্থাপন করেন। সংলাপের আয়োজন করে সিপিডি।ডেভিড কাউয়েন বলেন, উন্নত ও উন্নয়নশীল প্রায় সব দেশেরই নিকট ভবিষ্যতের প্রবৃদ্ধি সম্ভাবনা খুবই কম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যমূল্য বাড়ছে। ইউরো অঞ্চলে অর্থনৈতিক সংকটও তীব্রতর হচ্ছে। অথচ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাজারের অর্ধেকই ইউরো অঞ্চলে। সামষ্টিক অর্থনীতিতে এখনো ঝুঁকি রয়েছে। বাজেট ঘাটতিতে রয়েছে চাপ।এমতাবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখা, বিনিময় হারে নমনীয়তা আনা, ভর্তুকি কমিয়ে আনা, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতি চালু, রাজস্ব খাত, বাণিজ্য, বিনিয়োগ খাতসহ আর্থিক খাতে সমন্বিত সামস্টিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন ডেভিড কাউয়েন।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আইএমএফ মিশন-প্রধানের প্রবন্ধের ওপর মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।আলোচনায় আরও অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বিএনপির দুই সাবেক মন্ত্রী ওসমান ফারুক ও আমির খসরু মাহমুদ চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম প্রমুখ।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্ধিত ঋণ-সহায়তা (ইসিএফ) বাবদ আইএমএফ সাত কিস্তিতে তিন বছরের মধ্যে ১০০ কোটি ডলার দিচ্ছে। এ অর্থ খুব বেশি পরিমাণ নয়। আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার মধুচন্দ্রিমার দিন শেষ হয়ে গেছে। ইসিএফের এক কিস্তির অর্থ বার্ষিক রপ্তানি আয় ও প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহের দুই দিনের চেয়েও কম।দ্বিতীয় কিস্তির অর্থ পেতে যে জুনভিত্তিক শর্ত পূরণ দরকার, তা ইতিমধ্যে পূরণ করা হয়েছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, তৃতীয় কিস্তির অর্থ পেতে দরকার ডিসেম্বর-ভিত্তিক শর্ত পূরণ।বাণিজ্য ও ব্যবসা-সহায়ক পরিবেশ তৈরি হয়নি উল্লেখ করে আকবর আলি খান বলেন, অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে আইএমএফের কাছ থেকে শুধু ১০০ কোটি ডলার পাওয়া যাওয়ার কথা উল্লেখ করেন, বিশদ বিবরণ দেননি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি দরকার। পাশাপাশি এ-ও মনে রাখতে হবে, বিপুল দরিদ্র জনগোষ্ঠী এর মাধ্যমে ক্ষতির শিকার হয়।’মির্জ্জা আজিজ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সাম্প্রতিক কেলেঙ্কারি আর্থিক খাতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। বিনিময় হার চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশ ব্যাংককে নিজের মতো চলতে দেওয়ার পরামর্শ দেন।আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বৈদেশিক মুদ্রাবাজার এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে রাজস্ব খাতে চরমভাবে সমন্বয়হীনতা বিরাজ করছে।সোনালী ব্যাংকের সাম্প্রতিক কেলেঙ্কারির বিষয়টিকে গভীরভাবে নিয়ে ব্যাংক খাতে সরকারের রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করার পরামর্শ দেন তিনি।ওসমান ফারুক বলেন, এক বছরে যেখানে চারবার জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে, সেখানে আবারও তা করা উচিত হবে না। তিনি বলেন, কাউয়েনের প্রবন্ধে সাম্প্রতিক হলমার্ক কেলেঙ্কারির বিষয় এবং সুশাসনের কোনো বিষয় উঠে আসেনি। চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোনোভাবেই অর্জিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের কোনো নীতিই কাজ করছে না। ব্যাংকে কোনো টাকা নেই। পুরো ব্যাংক খাত শুকিয়ে গেছে।