অর্থনীতিতে পাঁচ চ্যালেঞ্জ: বিশ্বব্যাংক

অর্থনীতিতে এই মুহূর্তে পাঁচ ধরনের চ্যালেঞ্জ আছে বলে মনে করে বিশ্বব্যাংক। এগুলো হলো ব্যাংকিং খাতে তদারকি বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়, সঞ্চয়পত্রের সুদের হার কমানো, মুদ্রা বিনিময় হার সমন্বয় করা এবং চালের দাম কমাতে আমদানি শুল্ক কমানো।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব চ্যালেঞ্জের কথা বলেছে বিশ্বব্যাংক। শেরেবাংলা নগরের বিশ্বব্যাংক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী বলে মনে করে বিশ্বব্যাংক। বাজেট বিশ্লেষণ করে বিশ্বব্যাংক বলেছে, বাজেটে আশা বেশি, আশ্বাস কম। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিসহ বিভিন্ন খাতে উচ্চাভিলাষী লক্ষ্য দেওয়া হয়েছে। কিন্তু এসব লক্ষ্য অর্জনে তেমন বড় কোনো উদ্যোগ নেই।
জাহিদ হোসেন বলেন, ‘বিশাল আশার ভিত্তিতে বাজেটে লক্ষ্য ঠিক করা হয়েছে। আবার বাজেটে খরচের দিক থেকেও কোনো চমক নেই। এ ছাড়া সংস্কারের জন্য আগামী অর্থবছরে বড় কোনো পদক্ষেপ নেই।’
বিশ্বব্যাংক আরও বলছে, আগামী অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে। সরকারি বিনিয়োগ বাড়লেও বেসরকারি বিনিয়োগ জিডিপির অনুপাতে তেমন বাড়েনি। চলতি অর্থবছরের সাময়িক হিসাবে বেসরকারি বিনিয়োগ আগের চেয়ে মাত্র দশমিক ৩ শতাংশ বেড়েছে।
রাজস্ব আদায়ে আশাবাদের কথা বললেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গুণগত কোনো পরিবর্তন হয়নি বলে মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলেছে, প্রস্তাবিত বাজেটেও এই পরিস্থিতির উন্নয়নে কোনো উদ্যোগ নেই। এডিপিতে প্রকল্প বাড়ছে, কিন্তু সে অনুযায়ী প্রকল্প সময়মতো শেষ হচ্ছে না। গত কয়েক অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে বিশ্বব্যাংক বলেছে, বাজেটে সামগ্রিক খরচের লক্ষ্যের সঙ্গে বাস্তবায়নের ফারাক ক্রমে বাড়ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভারত, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে খরচ বেশি। ভারতে চার লেন মহাসড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে ১১ থেকে ১৩ লাখ ডলার খরচ হয়। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের হিসাব ধরে এই খরচ ২৫ লাখ থেকে ৭০ লাখ ডলার ব্যয় হয়। চীনে প্রতি কিলোমিটারে খরচ ১৩ লাখ থেকে ১৬ লাখ ডলার। ইউরোপে ৩৫ লাখ ডলার খরচ হয়।
চাল
চাল আমদানিতে শুল্ক কমানো উচিত বলে মনে করে বিশ্বব্যাংক। তবে এই শুল্ক কমানোর বিষয়টি সময়োপযোগী করতে হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের জাহিদ হোসেন বলেন, বাজারে চালের দাম বাড়ছে। সঠিক সময়ে চাল আমদানি করে বাজার স্থিতিশীল রাখা প্রয়োজন। এ জন্য শুল্ক-কর কমানো উচিত। তিনি বলেন, সীমান্তের ওপারে চালবোঝাই ট্রাক পৌঁছে গেছে, কিন্তু দেশে ঢুকছে না। কারণ, বেশি শুল্ক দিতে হবে। শুল্ক কমালে দেশে আসবে।
ভ্যাট আইন
নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনকে বিনিয়োগবান্ধব মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাজেট বাস্তবায়নে বিপুল রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের বিষয়টি নির্ভর করছে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ওপর। তাঁর মতে, বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা, রপ্তানি বৃদ্ধি, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন এবং রেমিট্যান্স প্রবাহ ধরে রাখা—এ বিষয়গুলোর ওপর নজর দেওয়া উচিত।
এক প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, নতুন ভ্যাট আইনের কারণে মূল্যস্ফীতির ওপর বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। তবে দাম বাড়বে, এমন অপপ্রচারে মূল্যস্ফীতি বাড়তে পারে। সক্ষমতার অজুহাতে ভ্যাট আইন বাস্তবায়ন পাঁচ বছর পিছিয়েছে সরকার। আর পেছানো ঠিক হবে না। বাস্তবায়ন শুরু হলে সক্ষমতাও গড়ে উঠবে। তিনি বলেন, ‘আবগারি শুল্ক বাড়ানো ব্যাংকিং খাতে সঠিক সংকেত দিচ্ছে না। যখন আমরা আর্থিক ব্যবস্থার গভীরতা ও সম্পৃক্ততা বাড়াতে চাচ্ছি, তখন এ ধরনের ভুল সংকেত দেওয়া হচ্ছে কি না’—এমন প্রশ্ন করেন জাহিদ হোসেন।