অর্থনীতিতে বিনোদন ও সাহিত্যের অবদান মাত্র ১১৮ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্যাটেলাইট চ্যানেল ঘোরালেই নাটক, সিরিয়াল, মিউজিক ভিডিও ও সিনেমার আধিপত্য দেখা যায়। টিভি চ্যানেলগুলোর এয়ারটাইমের বড় অংশজুড়েই এসব অনুষ্ঠান সম্প্রচার হয়। দর্শকদের বিনোদনের জন্যই এসব অনুষ্ঠান বা সিনেমা নির্মাণ করা হয়। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মূল্য সংযোজন করছে নাটক, গান, সিনেমা। এমনকি গল্প, উপন্যাস, কবিতা—এসব সাহিত্যকর্মও অর্থনীতিতে অবদান রাখছে।
তবে বিনোদনের দুনিয়া যত বিস্তৃতই মনে হোক না কেন, হিসাব কষে দেখা যাচ্ছে দেশের অর্থনীতিতে এটির অবদান যৎসামান্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ২০১৩-১৪ অর্থবছরে নাটক, গান, সিনেমা ও সাহিত্য—এই চারটি খাত দেশের অর্থনীতিতে মাত্র ১১৭ কোটি ৮২ লাখ টাকার সমপরিমাণ মূল্য সংযোজন করেছে। ওই বছর এ চারটি খাতে মোট বিনিয়োগকৃত সম্পদের পরিমাণ ছিল ১৮০ কোটি ৩০ লাখ টাকা।
একই সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু চলচ্চিত্র আর টেলিভিশন শিল্পের অবদান ছিল ৮ দশমিক ১ বিলিয়ন ডলার বা প্রায় ৬৪ হাজার কোটি টাকা।
গতকাল মঙ্গলবার বিনোদন ও সাহিত্যবিষয়ক সম্পদে বিনিয়োগ জরিপের ফল প্রকাশিত হয়। এ ধরনের প্রতিবেদন বিবিএস এই প্রথমবার প্রকাশ করে।
জরিপ সম্পর্কে অনুষ্ঠানে এ কর্মসূচির পরিচালক আবদুল খালেক বলেন, এত দিন এসব খাতের সরকারি বিনিয়োগ ও মূল্য সংযোজনের বিষয়টি জিডিপিতে উঠে আসত। কিন্তু বেসরকারি খাতের চিত্র আসত না। জিডিপি গণনার জন্য নতুন ভিত্তিবছর ২০১৫-১৬ প্রণয়ন করা হচ্ছে। সেই ভিত্তিবছরে এসব খাতের বিনিয়োগ ও মূল্য সংযোজনের প্রকৃত চিত্র অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য জরিপটি করা হয়েছে। এর আগে বিনোদন ও সাহিত্য নিয়ে কখনো জরিপ করেনি বিবিএস।
সিনেমা: বিবিএসের জরিপে বলা হয়েছে, বাংলাদেশে একটি সিনেমা তৈরি করতে গড়ে ৯৬ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়। ২০১৩-১৪ অর্থবছরে মোট সরকারি ও বেসরকারি অর্থায়নে ৬৮টি সিনেমা তৈরি হয়েছে। ওই বছর এসব সিনেমা বানাতে মোট ৬৫ কোটি ৭৭ লাখ টাকা লগ্নি করা হয়েছে। উল্লেখ্য, বলিউডের একটি গড়পড়তা ছবিতেই এর চেয়ে বেশি অর্থ বিনিয়োগ হয়। গত বছর বলিউডের জনপ্রিয় ছবি বাজিরাও মাস্তানি তৈরির পেছনে ব্যয় হয়েছিল ১২৫ কোটি রুপি (প্রায় ১৫০ কোটি টাকা)।

বিবিএসের জরিপ বলছে, দেশের চলচ্চিত্রশিল্পে স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি তৈরি থেকে শুরু করে শুটিং সেট নির্মাণ, চিত্রায়ণ, সম্পাদনা, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের সম্মানীসহ প্রতিটি স্তরে মোট মূল্য সংযোজন হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকা।

বিবিএস বলছে, সম্মানী হিসেবে শিল্পী ও কলাকুশলীদের যে অর্থ দেওয়া হয়, তার ২৫ শতাংশ পান শুধু মুখ্য চরিত্র অর্থাৎ নায়ক-নায়িকারা।

বিনোদনের দুনিয়া যত বিস্তৃতই মনে হোক না কেন, হিসাব কষে দেখা যাচ্ছে দেশের অর্থনীতিতে এর অবদান যৎসামান্য

নাটক:

স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোয় দিনের সিংহভাগ সময়জুড়ে নানা ধরনের নাটক, টেলিফিল্ম, ডেইলি সোপ, খণ্ড নাটক, টক শো, শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার হয়। ২০১৩-১৪ অর্থবছরে সারা দেশে এমন ১০ হাজার ৫৮১টি অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে। এসব অনুষ্ঠান করতে প্রযোজকেরা মোট ৭৮ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এতে অর্থনীতিতে অবদান ৪৯ কোটি টাকা ৬৪ লাখ টাকার।

ওই বছর ২৬৬টি নাটক (ধারাবাহিক নাটক ছাড়া) নির্মিত হয়েছে। প্রতিটি নাটক তৈরি করতে গড়ে ২ লাখ ৩৮ হাজার ৬১২ টাকা খরচ হয়েছে। ওই বছর ৭৩টি টেলিফিল্ম নির্মাণ করতে প্রতিটিতে গড়ে ৩ লাখ ৬৮ হাজার টাকা খরচ পড়েছে। এসব নাটক ও টেলিফিল্ম কলাকুশলীদের যত টাকা সম্মানী দেওয়া হয়েছে, এর মধ্যে ৫৮ শতাংশই পেয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।

গান: তারকা খ্যাতিসম্পন্ন একজন সংগীতশিল্পী একটি গান গাইলে গড়ে ২০ হাজার ১৩৭ টাকা সম্মানী নেন। আর গানের সুরকার, কম্পোজার, যন্ত্রীসহ অন্যরা সবাই মিলে পান ২১ হাজার ৮৫ টাকা। তারকাশিল্পীদের গাওয়া একটি গান শুরু থেকে রেকর্ড করা পর্যন্ত গড়ে ৪১ হাজার ২২২ টাকা খরচ হয়।

একজন নতুন শিল্পী প্রতি গানের জন্য পান গড়ে মাত্র ৩ হাজার ৮১২ টাকা। নতুন শিল্পীর প্রতি গানে খরচ হয় গড়ে ১৯ হাজার ২৩১ টাকা। সব মিলিয়ে বাংলাদেশে একটি গানের কথা লেখা থেকে শুরু করে রেকর্ডিং পর্যন্ত গড়ে ৩১ হাজার ৭০৭ টাকা খরচ পড়ে। ২০১৩-১৪ অর্থবছরে মোট ৪ হাজার ৫৪টি গান তৈরি হয়েছে। এতে মোট খরচ হয়েছে ১২ কোটি ৮৫ লাখ টাকা। আর অর্থনীতিতে যুক্ত হয়েছে ১১ কোটি টাকা।

সাহিত্য: ২০১৩-১৪ অর্থবছরে ৪ হাজার ৮৫৮টি সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে। প্রতিটিতে গড়ে ৪৭ হাজার ৩৫২ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে মোট খরচ হয়েছে ২৩ কোটি টাকা। এতে জিডিপিতে মূল্য সংযোজনের পরিমাণ ২২ কোটি ৪৫ লাখ টাকা।

জরিপের চারটি খাতের মধ্যে সাহিত্যেই মূল্য সংযোজন সবচেয়ে বেশি, ৯৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ যত বেশি সাহিত্যকর্ম সৃষ্টি হবে, তত বেশি অর্থনীতি লাভবান হবে।

আলোচনা: প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক আবদুল ওয়াজেদ বলেন, জিডিপিতে নতুন নতুন খাত যুক্ত হলে অর্থনীতিই বেশি লাভবান হবে। অর্থনীতির প্রকৃত চিত্র উঠে আসবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এম এ মান্নান হাওলাদার বলেন, একজন শিল্পী যখন গান করেন, এর পেছনের কী কী কাজ হয়, এর আর্থিক মূল্য কত, তা এখন জানা গেল।

বিবিএসের জাতীয় আয় শাখার পরিচালক আবুল কালাম আজাদ জানান, নাটক, সিনেমা, সাহিত্য এত দিন বেসরকারি পর্যায়ে কী পরিমাণ মূল্য সংযোজন করত, তা নিরূপণ করা হয়নি। এসব খাতের বিনিয়োগের তথ্য নিয়ে জরিপ করার ফলে অর্থনীতিতে এর প্রকৃত চিত্র উঠে আসবে।