অর্থনীতিতে সহিংসতার প্রভাব দীর্ঘমেয়াদি নেতিবাচক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান ধ্বংসাত্মক রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতির বেশ কিছু খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। এই পর্যবেক্ষণ তুলে ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে তিনটি বিষয়ের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।এই সুপারিশগুলো হলো: জীবন, সম্পদ তথা প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে এমন ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রমে বিরতি দেওয়া; সংলাপের পরিবেশ সৃষ্টিতে বিরোধীদলীয় সব নেতার মুক্তি প্রদান; এবং সব বড় দলের অংশগ্রহণে সুষুম ও অবাধ নির্বাচনের কাঠামো ঘোষণা। ‘বর্তমান বাংলাদেশ: রাজনৈতিক প্রেক্ষিত ও অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংলাপে গতকাল শনিবার সাম্প্রতিক সহিংসতা বিশ্লেষণ করে সিপিডির মূল প্রবন্ধে এসব সুপারিশ করা হয়েছে। গুলশানের এক হোটেলে সিপিডি এই সংলাপের আয়োজন করে। সংস্থাটির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সংলাপে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংসদ, গবেষকেরা বক্তব্য দেন।হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি দেশের অর্থনীতির ওপর কীভাবে নেতিবাচক প্রভাব পড়ছে, তার চিত্র এই প্রবন্ধে তুলে ধরা হয়। এতে বলা হয়, হরতালের মতো রাজনৈতিক সহিংসতায় যদি ১ শতাংশ বা সাড়ে চার হাজার কোটি মূলধন সরবরাহ কমে যায়, তাহলে অর্থনীতিতে বেশ কিছু খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। ২০১১-১২ অর্থবছর ধরে গণনা করে দেখা গেছে, এতে জিডিপির বাজারমূল্য আট হাজার ২৩৩ কোটি টাকা কমে যায়। আর রপ্তানি কমে ৫৮ কোটি ৩০ লাখ ডলারের, আমদানি কমে ২৮ কোটি ৪০ লাখ ডলারের। পাঁচ হাজার ৪৮৭ কোটি টাকার ভোগ কমে যায়। সরকারের রাজস্ব ক্ষতি হয় দুই হাজার ২৮০ কোটি টাকার। মূল প্রবন্ধে বলা হয়, রাজনৈতিক সহিংসতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচকভাবে বাংলাদেশ চিত্রায়িত হচ্ছে, যা বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলবে। সহিংসতার কারণে প্রতিটি সরকারের শেষ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে যায় উল্লেখ করে এতে আরও বলা হয়, শেষ বছরে জিডিপির অনুপাতে বিনিয়োগ কমে যায়। তাই প্রবৃদ্ধিও কমে যায়। আলোচনা: রেহমান সোবহান বলেন, সংঘাতময় রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আর বিশ্বের নানা প্রান্তের সম্পদ স্থানান্তর হচ্ছে। এই সম্পদ, বিশেষ করে বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ যে দরজা খুলেছে, সেই প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে। সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে এই বিনিয়োগ আনতে সবাইকে ঐকমত্য হতে হবে। রাজনৈতিক সংঘাত উত্তরণ ও আগামী নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘আমি কোনো সংলাপের সম্ভাবনা দেখি না। বিএনপির অবস্থান হচ্ছে, আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে। আর সংবিধানে সেই সুযোগ নেই বলে এতে আপস করা হবে না, এটা আওয়ামী লীগের অবস্থান।’ তিনি আরও বলেন, আবার জামায়াতকে ত্যাগ করে সংলাপ বিএনপি মানবে না। তোফায়েলের মতে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু না হলে এই সংঘাতময় পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। তিনি বলেন, ‘রাজনীতিতে যখন পারি না, তখন “ভারত” ও “ধর্ম” ইস্যুতে নিয়ে আসি।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম ওসমান ফারুক বলেন, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে বিরোধী দল অংশগ্রহণ করতে পারে। এ জন্য ‘অতিকথন’ বন্ধ করতে হবে। হাঁটি হাঁটি পা করে সরকারি দলকেই এগিয়ে আসতে হবে। ওসমান ফারুকের মতে, যেহেতু এটি একটি শাসনতান্ত্রিক সংকট, তাই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ আসতে হবে। তিনি বলেন, অর্থবহ সংলাপ হতে হবে, বিষয়বস্তুহীন নয়। তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে, এমন হলে কেউ রেহাই পাবেন না। বিরোধী দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। অন্তরে অগণতান্ত্রিক চেতনা, আর মুখে ‘ওয়েস্ট মিনস্টার’ পদ্ধতির গণতন্ত্রের কথা বলবেন, এটা ঠিক নয়। তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, ‘হরতাল সহিংসতার বোধ করি এখনো পুরোটা দেখেননি।’বর্তমান রাজনৈতিক সংকটে তোফায়েল আহমেদের মতো সরকারি দলের বড় নেতাদের মুখ খোলার আহ্বান জানান গণফোরাম সভাপতি ও সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন। এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি কথা বলে কি আপনাদের মতো অবস্থানে চলে যাব? যদি দল ছাড়ি, তখনই মুখ খুলব। সিদ্ধান্ত নিয়েছি, আওয়ামী লীগ করেই কবরে যাব।’ কামাল হোসেন বলেন, পরিকল্পিতভাবে সংবিধানকে উপেক্ষা করা হচ্ছে। সরকার নিরপেক্ষ থাকার কথা, তারা তা না পারায় আস্থার সংকট তৈরি হয়েছে। মহাজোটের একটি আচরণবিধি থাকা উচিত বলে মনে করেন কামাল হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ সাহেব হেফাজতে ইসলামকে সহায়তা দিচ্ছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, যখন যাঁরা সরকারে থাকেন, তাঁরাই বলেন, গণতন্ত্র বিরাজমান। ক্ষমতায় না থাকলে বলেন, গণতন্ত্র নেই। বর্তমান অস্থির রাজনীতি কীভাবে ঠিক করতে হবে, তাই নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া উচিত।রাজনীতিবিদদের উদ্দেশে এফবিসিসিআইয়ের সাবেক আরেক সভাপতি এ কে আজাদ প্রশ্ন রাখেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও আমাদের (ব্যবসায়ী) পুড়িয়ে মারার অধিকার কি আপনাদের আছে?’ অর্থনীতির স্বার্থে সহিংস রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্য এখন রাজনীতিবিদদের হাতে চলে যাচ্ছে। রাজনীতিবিদেরাই ব্যাংক, বিমা, বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি বিশ্ববিদ্যালয় পান। তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতাদের জেলে রেখে আলোচনা হয় না। সংলাপে আরও বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা, সিপিডির বিশেষ ফেলো রওনক জাহান, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সাংসদ তাজুল ইসলাম, আন্দালিব রহমান, সৈয়দা আশরাফী পাপিয়া, নারী নেত্রী রোকেয়া কবীর, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রমুখ।