দেশের অর্থনীতির উন্নতি এখন আর চাকরির বাজার সৃষ্টির নিশ্চয়তা দিচ্ছে না। এখন এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, বাংলাদেশ ধীরে ধীরে চাকরিবিহীন অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।
বেসরকারি সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং (সানেম) বাংলাদেশের অর্থনীতি নিয়ে ত্রৈমাসিক এক পর্যালোচনায় এসব কথা বলেছে। সানেম মনে করে, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আলোচনাকে বর্তমানের বাংলাদেশের ছয়টি প্রধান অর্থনৈতিক সমস্যার আলোকে করা উচিত। এগুলো হলো শ্লথ বেসরকারি বিনিয়োগ, শ্লথ শ্রমবাজার, রপ্তানির প্রবৃদ্ধির ধীরগতি, প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে যাওয়া, ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থাপনা এবং সরকারের দুর্বল প্রাতিষ্ঠানিক দক্ষতা।
বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের হার মোট দেশজ উৎপাদনের অনুপাতে স্থবির হয়ে থাকার বিষয়টি উল্লেখ করে সানেমের পর্যালোচনায় বলা হয়, বাংলাদেশের মতো দেশে গতিশীল ও অগ্রসরমাণ বেসরকারি বিনিয়োগ একান্ত কাম্য। বাজেটে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পর্যাপ্ত পদক্ষেপ থাকা দরকার ছিল।
বর্তমানে রপ্তানির প্রবৃদ্ধি কমে আসার পেছনে আন্তর্জাতিক ও জাতীয় এই দুই ধরনের কারণই দায়ী বলে উল্লেখ করে সানেমের পর্যালোচনায় বলা হয়, বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে মন্দা চলছে। দেশে নীতি বাস্তবায়নের ব্যর্থতা ব্যবসায়িক খরচ বৃদ্ধি করে রপ্তানি আয় কমাতে নেতিবাচক ভূমিকা রাখছে।
সানেম বলেছে, বর্তমান অর্থবছরে প্রবাসী আয় উদ্বেগজনকভাবে কমে গেছে। এই সমস্যা সমাধানে প্রস্তাবিত বাজেটে খুব সুনির্দিষ্টভাবে আনুষ্ঠানিক পথে অর্থ প্রেরণ করার খরচ কমিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এগুলো অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। রেমিট্যান্স কমার পেছনেও অনেক জাতীয় ও আন্তর্জাতিক কারণ রয়েছে উল্লেখ করে পর্যালোচনায় বলা হয়, মধ্যপ্রাচ্যের অর্থনীতির মন্দাভাব, গভীর রাজনৈতিক সমস্যা ও সংঘাত, দেশে অর্থ সঞ্চয় ও বিনিয়োগের অভাব, অনানুষ্ঠানিক রেমিট্যান্স প্রেরণ—এসব কারণে প্রবাসী আয় কমছে।
বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্ভবত খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করে সানেম। তাদের পর্যালোচনায় বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যাংকের কেলেঙ্কারি ব্যবসায়ীদের আস্থাকে বাধাগ্রস্ত করেছে। অনাদায়ি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি মূলত ব্যাংকিং সিস্টেমের ভঙ্গুরতাকেই চিহ্নিত করে। একই পরিবারের চারজন সদস্য ব্যাংকের পরিচালক পদে নিযুক্ত হওয়ার সুযোগ রেখে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের বিষয়টি উল্লেখ করে সানেমের পর্যালোচনায় বলা হয়, এটি ব্যাংকের দুর্বল আইন ব্যবস্থাপনার প্রতিই আঙুল তোলে।
বাজেটে সরকারি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে অর্থ বরাদ্দ রাখার সমালোচনা করে সানেম বলেছে, এটা কাঙ্ক্ষিত নয়। এই ধরনের নিয়মবহির্ভূত সুযোগ-সুবিধা যদি নিয়মের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে তা প্রকৃত বিনিয়োগকারীদের ব্যাংকের ঋণসুবিধা থেকে আরও অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। তা ব্যাংকঋণের অপব্যবহারকে আরও অনেক শোচনীয় করবে।
পর্যালোচনায় সানেম আরও বলেছে, প্রস্তাবিত বাজেট কার্যকরণে, সামগ্রিকভাবে এবং ক্ষেত্রবিশেষে অবকাঠামোগত ও উন্নয়ন প্রকল্পে খুব একটা বেশি অগ্রগতি প্রদর্শন করছে না। তাই আপাতদৃষ্টিতে যে বিশাল বাজেট চোখে দেখা যাচ্ছে, তা কতটুকু বাস্তবায়িত হবে, সে বিষয়ে সন্দেহ রয়ে গেছে।