অর্থনীতির উন্নতির ভাগ সবাইকে দিতে হবে

দেশের অর্থনীতির উন্নতির ভাগ সবাই যাতে পায়, তা নিশ্চিত করার তাগিদ এসেছে রাজধানীতে অনুষ্ঠিত একটি বিনিয়োগ সম্মেলনে। এতে অর্থনীতির বিশ্লেষকেরা বলেছেন, বাংলাদেশে এখন এমন বিনিয়োগ দরকার, যা সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিবেশকে সুরক্ষিত রাখবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারাও বিশ্লেষকদের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, শ্রমিক ও কর্মীর পেছনে বিনিয়োগ করলে প্রতিষ্ঠান টেকসই হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী ওই সম্মেলন গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সম্মেলনের আয়োজন করে।
দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচকেরা বাংলাদেশে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের অবস্থা, এর প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে আলোচনা করেন। সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশ্বে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ধারণাটি ২০০৭ সালে রকফেলার ফাউন্ডেশন চালু করে। গ্লোবাল ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক (জিআইআইএন) বলছে, মুনাফা অর্জনের চেয়ে সমাজ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়ার ওপর গুরুত্ব দিয়ে যে বিনিয়োগ করা হয়, তা-ই ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট।
ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি বিনিয়োগের কিছু না কিছু প্রভাব আছে। তবে দেখতে হবে, তা কতটুকু বিস্তৃত। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) কাউকে পেছনে ফেলে না রাখার কথা বলা হয়েছে। বাংলাদেশ উন্নয়নে যে পথ নিয়েছে, তা উচ্চমাত্রায় অন্তর্ভুক্তিমূলক। ৪০ বছরে এ দেশে দারিদ্র্যের হার কমে ৭০ শতাংশ থেকে ২২ শতাংশে নেমেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. খায়রুল হোসেন বলেন, বাংলাদেশে এখন ১০০ কোটি ডলারের কাছাকাছি বিনিয়োগ আছে, যেগুলোকে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য করা যায়। তবে এসব বিনিয়োগের বেশির ভাগ এসেছে এ দেশে কর্মরত বিদেশি সংস্থা থেকে। দেশের বেসরকারি খাত এ ক্ষেত্রে এখনো নগণ্য অবস্থানে আছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, ‘আমরা উন্নতির জন্য যা কিছুই করি না কেন, তা জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে।’ তিনি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য সহায়ক নীতি গ্রহণের তাগিদ দেন।
একটি অধিবেশনে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইমপ্রেস ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মীর সাজেদ-উল-বাশার মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্যের বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে এসেছে, যেখানে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের সময়। বাংলাদেশকে এ ধরনের বিনিয়োগের একটি উর্বর ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন আইডিএলসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। তিনি এ ক্ষেত্রে অর্থায়নের জন্য একটি তহবিল গঠনের পরামর্শও দেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সমাজ ও পরিবেশের ওপর প্রভাব দেখে ঋণ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, যারা শ্রমিকদের ভালো রেখে ও পরিবেশ রক্ষা করে পণ্য উৎপাদন করে, তারা ক্রয়াদেশ বেশি পায়।
দেশের তৈরি পোশাক খাতে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে একটি অধিবেশন সঞ্চালনা করে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক হাসান। এ অধিবেশনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, পোশাক খাতে অনেকে ভবন ও অবকাঠামো নির্মাণে বেশি বিনিয়োগ করছে। তবে এ বিনিয়োগ করা উচিত শ্রমিকের পেছনে। তিনি বলেন, ‘আমি দেখেছি শ্রমিক ভালো থাকলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।’
শ্রমিকের জন্য আবাসনের ব্যবস্থা করার বিষয়টি উল্লেখ করে রুবানা হক বলেন, ‘আমরা কারখানায় প্রতি বর্গফুটের জন্য ৪০ টাকার মতো ভাড়া দিই। আমাদের কারখানার দরজায় স্যালুট দেওয়া হয়। অথচ শ্রমিকেরা বাসা ভাড়া বাবদ প্রতি বর্গফুটে ৯০ টাকা দেয়।’
অনুষ্ঠানে বিভিন্ন অংশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিল্ডের অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান আরস্তু খান, প্রেসিডেন্ট ফরহাদুর রেজা, শিক্ষাবিদ রেজা আলী, ব্যাবিলন গ্রুপের পরিচালক এস এম এমদাদুল ইসলাম, ভিয়েলাটেক্সের চেয়ারম্যান ডেভিড হাসনাত, এসিআই এগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারি, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রোজমেরি অ্যাডিস, ভারতের ইউনিটাস ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ রায়, যুক্তরাজ্যের গুড শেফার্ড মাইক্রো ফিন্যান্সের মহাব্যবস্থাপক কোরিন প্রোস্কি, অস্ট্রেলিয়ার ইমপ্যাক্ট ১০০ সিডনির নির্বাহী সদস্য লুক ব্র্যানাগ্যান, হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক শন কোলে, পোশাক ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমের আঞ্চলিক প্রধান রজার হুবার্ট প্রমুখ বক্তব্য দেন।