অর্থনীতির ক্ষতি বাজেটের অর্ধেক ছাড়িয়ে গেছে
চলমান টানা অবরোধ-হরতালে দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা চলতি অর্থবছরের মোট বাজেটের অর্ধেক ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই নেতা বলেছেন, ‘এই সহিংসতা বন্ধ না হলে যে ক্ষতি হবে, তা থেকে বেরিয়ে আসার উপায় থাকবে না ব্যবসায়ীদের।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার অনলাইন নিউজ পোর্টাল টাইমওয়াচ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজী আকরাম।
প্রসঙ্গত, চলতি ২০১৪-১৫ অর্থবছরের মোট বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। এফবিসিসিআইয়ের সভাপতির দাবি অনুসারে, টানা অবরোধ-হরতালে ব্যবসা-বাণিজ্যের ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
অনুষ্ঠানে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আগে সহিংসতা বন্ধ করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে সংলাপে বসতে আমরা সরকারকে চাপ দেব। তখন জোর গলায় সরকারকে বলতে পারব যে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, দেশ কীভাবে চলবে, সে ব্যবস্থা করেন।’
কাজী আকরাম আরও বলেন, ‘বর্তমান আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বলা যায় না। এটা অর্থনীতি ধ্বংস করার আন্দোলন। দেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারলে দেশ দ্রুত ধ্বংস হয়ে যাবে। তাই একটি চক্র অর্থনীতিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। হরতাল-অবরোধে যে অপরিসীম ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব নয়।’
কাজী আকরাম বলেন, দেশের মানুষ ভাগ্যহত যে দেশের রাজনীতিকেরা পেট্রলবোমার রাজনীতি করেন। ব্যবসায়ীরা এর প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন। তাঁরা এখন আশাহত। সবাই ভেঙে পড়েছেন। সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছেন না। তাই ব্যবসায়ীরা কান্না শুরু করেছেন।’
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতায় আবাসন খাত ধ্বংসের মুখে গিয়েছিল। গত বছর তা কিছুটা স্বাভাবিক হলেও এখন তা বিলীন হয়ে যাচ্ছে।
টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জামিউল আহমেদ বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতার প্রথম শিকার পর্যটন খাত। আমরা অনেক অনুরোধ করেছি। এখন মনে হচ্ছে, বাঁচার জন্য গণকান্না অনুষ্ঠান করতে হবে।’
বাংলাদেশ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ খান বলেন, সিএনজি স্টেশনগুলো প্রায় নিস্তেজ অবস্থায় আছে। যদিও বড় ধরনের বিপর্যয় হয়নি। তবে কোনো কারণে সহিংসতার আঘাত হলে বড় ধরনের ক্ষতিতে পড়তে হবে।
সভার সঞ্চালক বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘আমরা মুক্তি চাই। এ জন্য গণতান্ত্রিক চর্চা বা সংলাপ, যা দরকার সরকার সেটা করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা নিরাপত্তা চাই।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমওয়াচের উপদেষ্টা সম্পাদক বজলুর রায়হান। তিনি চলমান অস্থিরতা থেকে বের হওয়া এবং এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংলাপের প্রস্তাব দেন। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।