অর্থনীতির গতি যুক্তিসংগতভাবে ভালো হয়েছে: এমসিসিআই
বেশির ভাগ উন্নত ও কিছু উন্নয়নশীল দেশের অর্থনীতির প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। সে তুলনায় বাংলাদেশের অর্থনীতির গতি গত ২০১১-১২ অর্থবছরে যুক্তিসংগতভাবে ভালো হয়েছে।গত অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩২ শতাংশ। এটি অবশ্য বার্ষিক লক্ষ্যমাত্রা ৭ শতাংশের চেয়ে কিছুটা কম।দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের অন্যতম সংগঠন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) গত অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এই অভিমত প্রকাশ করেছে। এই পর্যালোচনা প্রতিবেদন গতকাল গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে।এমসিসিআই অবশ্য এও বলছে, লেনদেনের ভারসাম্য, ব্যাংক থেকে সরকারের উচ্চ হারে ঋণ গ্রহণ, বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতা ও দুই অঙ্কের মূল্যস্ফীতির হার দেশের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি চলতি ২০১২-১৩ অর্থবছরে ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে এসব সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে বলে মনে করে এমসিসিআই।প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে আড়াই শতাংশ হারে কৃষিতে প্রবৃদ্ধি হওয়ার বিষয়টি ভালো ফলন হওয়ার আগাম খবরের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। সরকার নিয়মিতভাবে কৃষি খাতে উপকরণ ও অর্থায়ন সহায়তা দিয়েছে। আর আবহাওয়াও ছিল অনুকূল। এমসিসিআই তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কৃষি খাতের প্রবৃদ্ধির হিসাবটি পুনরায় পরীক্ষার সুপারিশ করেছে।শিল্পোৎপাদন খাতের যে প্রবৃদ্ধি হয়েছে, তা এই খাতের সামর্থ্য ও সম্ভাবনার চেয়ে অনেক কম বলে মনে করছে এমসিসিআই। ভৌত অবকাঠামোর প্রতিকূলতা, জ্বালানি ও বিদ্যুতের অব্যাহত ঘাটতি, অভ্যন্তরীণ দুর্বল চাহিদা ও উচ্চ সুদের হার এর জন্য দায়ী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) অর্থনীতি সম্পর্কেও কিছু পূর্বাভাস দিয়েছে এমসিসিআই। বাণিজ্য সংগঠনটি বলেছে, এই সময়ে রপ্তানি কিছুটা শ্লথ হয়ে পড়বে, একই সঙ্গে কমবে প্রবাসী-আয়ের গতিপ্রবাহ। মূল্যস্ফীতিও কিছুটা প্রশমিত হতে পারে। এমসিসিআই ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণকে সীমিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সুসমন্বয় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে।