অর্থনীতির চালকেরা নিজস্ব পদ্ধতি বের করেছেন: মুহিত
চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে অর্থনীতির চালকেরা নিজস্ব পদ্ধতি বের করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এদিকে ডেনমার্কের সফররত বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সবার মতো ডেনমার্কও উদ্বিগ্ন।
রাজধানীর হেয়ার রোডে অর্থমন্ত্রীর বাসায় গতকাল বুধবার তাঁর সঙ্গে বৈঠক করেন মোনস ইয়েনসেন। তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন মোনস। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই হরতাল-অবরোধের কোনো কার্যকারিতা নেই। ফলে অর্থনীতির চালকেরা নিজস্ব স্টাইল (পদ্ধতি) বের করে নিয়েছেন কীভাবে কাজ করতে হবে। সরকার তাদের সহযোগিতা করছে।
বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, এসব নিয়ে কথা হয়েছে। তারা তাদের কথা বলেছে, আমি আমাদেরটা বলেছি।’
হরতাল-অবরোধ দিয়ে খালেদা জিয়া ননসেন্স (নির্বুদ্ধিতা) কাজ করছেন বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে ২০১৬-২০২১ সময়ে ডেনমার্ক ৬০০ কোটি টাকা সহায়তা দেবে বলে জানান তিনি।
ডেনমার্কের সফররত বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী যে, সংকট থেকে উত্তরণে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ-আলোচনা করবে।’
সরকারের ওপর আস্থা থাকার কথা উল্লেখ করে মোনস ইয়েনসেন বলেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন না।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পোশাক খাত নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলনের আয়োজন করেছে ডেনিশ দূতাবাস। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এতে প্রধান অতিথি থাকবেন। সম্মেলন উদ্বোধন করবেন মোনস ইয়েনসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
রানা প্লাজা ধসের দ্বিতীয় বছরপূর্তি সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বেসরকারি সংস্থা, শ্রম সংস্থাসহ দেশি-বিদেশি ২০০ প্রতিনিধির এতে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনে দুটি বিষয় গুরুত্ব দেওয়া হবে—একটি হচ্ছে রানা প্লাজা ধসের পর গত দুই বছরে বাংলাদেশ কী অর্জন করল, অন্যটি এই অর্জন অন্য শিল্পে কীভাবে কাজে লাগানো যায়।
এদিকে ডেনিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ডেনিশ বাণিজ্য ও উন্নয়নসহায়তা বিষয়ক মন্ত্রী বলেছেন, রানা প্লাজা থেকে বাংলাদেশ, আন্তর্জাতিক সম্প্রদায় ও পোশাক খাতের সবাই নতুন ধরনের সহযোগিতার সঙ্গে পরিচিত হয়েছে, যা বিশ্বে এর আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, রানা প্লাজা ধস একটি বড় শিক্ষা। এ থেকে অনেক দূর এগোতে হবে বাংলাদেশকে।