অর্থনীতির ঝুঁকি রোধে পদক্ষেপগুলো যথেষ্ট নয়: দেবপ্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে ও নিচ্ছে, সেগুলোকে বিচ্ছিন্ন ও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এক বছর আগে সিপিডির বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে আগামী এক বছর দেশের অর্থনীতিতে কী কী ঝুঁকি আসতে পারে, সে বিষয়ে আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু সরকার তা বিবেচনায় নেয়নি।ঝুঁকি মোকাবিলার বর্তমান পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করতে হবে বলেও তিনি মত দেন।চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক শীর্ষ সম্মেলন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবপ্রিয় এসব কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, ‘মূল্যস্ফীতি, বাণিজ্য ঘাটতি, আয়-ব্যয় ভারসাম্যহীনতা নিয়ে কর্মতৎপরতা দেখানোর বিষয়ে একটি অদ্ভুত সুযোগ অর্থ মন্ত্রণালয়ের সামনে এসেছে। সেটা কীভাবে অর্থ মন্ত্রণালয় কাজে লাগাচ্ছে সেটাই দেখার অপেক্ষা করছি।’উল্লেখ্য, গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী দেশের অর্থনীতির অবস্থা ভালো বলে দাবি করেন। একই সঙ্গে তিনি অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকি আছে বলেও স্বীকার করেন।রাজনৈতিক চ্যালেঞ্জের কারণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না বলেও মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।