অর্থনীতির প্রাণ ফেরাল প্রণোদনা

১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার ২১টি প্যাকেজ অর্থনীতিতে প্রাণ সঞ্চারে ভূমিকা রেখেছে। তবে প্যাকেজের সাফল্য-ব্যর্থতা নিয়ে গবেষণা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগেও প্রণোদনা প্যাকেজ দেখেছে এ দেশের মানুষ। ২০০৭-০৮-০৯ সময়ে ইউরোপ-আমেরিকার অর্থনীতিতে তখন মন্দা আসে। ওই মন্দা একসময় ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, স্বাভাবিক কারণেই তার আঁচ লাগে বাংলাদেশের গায়েও। তাই ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার রপ্তানিমুখী পোশাক খাতের জন্য প্রায় চার হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।

কিন্তু এবারের ঘটনা বিশ্ব ইতিহাসেই বিরল। কোভিড-১৯, যা থেকে বিশ্বের কেউই মুক্ত নয়। চীন থেকে শুরু, একে একে পুরো পৃথিবী। কলকারখানা ও গাড়ির চাকা বন্ধ। বিশ্বজুড়ে মহামারি। অচল অর্থনীতির চাকা। কোভিড-১৯-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে দেশে দেশে সরকারগুলো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। বাংলাদেশও এ থেকে পিছিয়ে থাকেনি।

গত ৮ মার্চ কোভিড–১৯–এ প্রথম আক্রান্ত চিহ্নিত হওয়ার দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তারও এক সপ্তাহ পর ৫ এপ্রিল ঘোষণা করা হয় বিভিন্ন খাতে আরও ৬৭ হাজার ৫০০ কোটি টাকার প্যাকেজ। পরে বাড়াতে বাড়াতে প্যাকেজ করা হয় ২১টি। মোট প্যাকেজের আকার দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশের বেশি, যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে জিডিপির বিবেচনায় সর্বোচ্চ। আরও ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা আসছে বলে জানা গেছে।

কিছু প্যাকেজ বাস্তবায়িত হচ্ছে ব্যাংক খাতের মাধ্যমে, আর কিছু হচ্ছে মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে। তবে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (সিএমএসএমই) ২০ হাজার কোটি টাকার বরাদ্দ থেকে উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন কম।

তাদের চলতি মূলধন ঋণ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাব মোকাবিলায় সিএমএসএমই উদ্যোক্তাদের দ্রুত ঋণ দেওয়ার সহায়ক নীতিমালা’ করছে। এ নীতিমালার আওতায় এনজিওদের মাধ্যমে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।

সার্বিক বিবেচনায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, প্রণোদনা প্যাকেজের ঘোষণা খুব সময়োচিত ছিল। অর্থনীতির প্রাণ ফিরেছে এতে। তবে পোশাক খাত প্যাকেজ ভালো ব্যবহার করতে পারলেও অন্যরা কম পেরেছে। প্যাকেজের সাফল্য-ব্যর্থতা নিয়ে পর্যালোচনা হওয়া উচিত বলেও মনে করেন তিনি।