অর্থনীতির সক্ষমতাই হরতালের অধিকার হরণ করবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমাদের অর্থনীতি যে অবস্থানে চলে গেছে, সেখান থেকে আর পেছনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থানে আমাদের চারিত্রিক পরিবর্তন আসবে, আসতে বাধ্য। আর তাই এ দেশে বেশি দিন আর কেউ হরতাল করতে পারবে না। অসম্ভব। অর্থনীতির সক্ষমতার চাকা হরতালের অধিকার হরণ করবে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হরতালের দিন শেষ হয়ে গেছে।’রাজধানীর হাটখোলায় গতকাল সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।এর আগে সভাপতির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি থেকে দেশকে রক্ষার জন্য প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘মানুষ পুড়িয়ে মারার, গাড়ি পোড়ানোর গণতন্ত্র আমরা ব্যবসায়ীরা চাই না। আমরা সেখান থেকে মুক্তি চাই। আমাদের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি থেকে মুক্তি দিন।’এ সময় এ কে আজাদ আরও বলেন, ‘দেশটা কারও একার নয়; কৃষক, মজুর, ব্যবসায়ীসহ আমাদের সবার। তাই হরতাল দেওয়ার আগে আমাদের কথা ভাবুন।’আলোচনার আগে অর্থমন্ত্রী হাটখোলায় এফবিসিসিআইয়ের নিজস্ব জায়গায় সংগঠনটির নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক তিনজন সভাপতি সালমান এফ রহমান, আকরাম হোসেন ও আনিসুল হক; স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ, বর্তমান ঊর্ধ্বতন সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে, সেটি থাকবেই থাকবে। কেউ এটিকে থামাতে পারবে না। ব্যক্তিগত জীবনে আমি সমাজের অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু হতাশা কখনো আমাকে গ্রাস করতে পারেনি।’এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘অর্থনৈতিকভাবে আমরা কতটুকু এগিয়েছি, সেটা গত তিন বছরের বাজেটের আকার ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেখলে বোঝা যায়। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় আমরা আমাদের বর্তমান বিনিয়োগ নিয়ে চিন্তিত।’অনুষ্ঠানে জানানো হয়, হাটখোলায় যে জায়গাটিতে এফবিসিসিআই নতুন ভবন গড়তে যাচ্ছে, সেটি আনিসুল হকের দায়িত্বকালীন কেনা হয়েছিল।