অর্থনীতির স্থিতি নিয়ে দাতারা সন্তুষ্ট: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চার বছর ধরে দেশের অর্থনীতিতে বিদ্যমান স্থিতিশীলতা এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতার বিষয়ে উন্নয়ন সহযোগীরা সন্তোষ প্রকাশ করেছে।
মুহিত বলেন, এ বছর উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে কেউই বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেনি। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে টানা অনেকগুলো বৈঠকে দীর্ঘ আলোচনার পর অর্থমন্ত্রী রোববার সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী এদিন উন্নয়ন সহযোগীদের সঙ্গে তিনটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি এগুলোকে সফল বলে অভিহিত করেন। তিনি বলেন, যৌক্তিক কারণেই আগামী তিন-চার মাসে উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে জ্বালানি ও অবকাঠামো প্রকল্প খাতে সহায়তা আশা করা যাচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, কারও পক্ষেই দেশের অর্থনীতির গতি এবং এর ধারাবাহিকতা স্থবির বা ধীর করা সম্ভব হবে না।
মুহিত বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ এসব বিষয় বিবেচনায় নিয়েছে এবং তারা বাংলাদেশের অর্থনীতির সফলতাকে স্বাগত জানিয়েছে। তৈরি পোশাকশিল্প খাতের দুর্ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতার ব্যাপারে তাদের আস্থা প্রকাশ পেয়েছে।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ আর্থিক খাতে আন্তর্জাতিক নজরদারির বিষয়ে গুরুত্বারোপ করেছে। তবে এ বিষয়টি বিবেচনার দাবি রাখে। কেননা বিভিন্ন ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক মানের নজরদারির অভাব রয়েছে। আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি প্রয়োজন।
অর্থমন্ত্রী আরও বলেন, সভায় সার্বিক পরিস্থিতি ছিল ইতিবাচক, যা এর আগে আর কখনোই দেখা যায়নি।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অর্থনীতির ধারাবাহিকতা অব্যহত থাকবে। এটা গত চার বছরের কঠোর পরিশ্রমের ফসল।’