অর্থনীতির স্বার্থে রাজপথে রাজনৈতিক কর্মসূচি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথকে কোনোভাবেই রাজনৈতিক শক্তি প্রদর্শনের স্থান হিসেবে ব্যবহার না করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। কেননা, রাজপথের আন্দোলন অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে।চলমান রাজনৈতিক সংকট এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে চেম্বারের সভাপতি মো. সবুর খান বলেন, দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হচ্ছে মতিঝিল। কিন্তু সেই মতিঝিলের রাস্তায় এখন রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে। রাজপথ থেকে আপনারা সরে যান। রাজপথকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ছেড়ে দিন। বঙ্গবন্ধু রাজপথে দাঁড়িয়ে ৭ মার্চের ভাষণ দেননি, দিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। তাই এখন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পল্টন ময়দান ও সোহরাওয়ার্দী উদ্যানকে নির্ধারণ করা উচিত।মতিঝিলে সংগঠনের কার্যালয়ে গতকাল বুধবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের দুই সহসভাপতি নেসার মাকসুদ খান ও আবসার করিম চৌধুরীসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।স্বচ্ছ নির্বাচনের ফর্মুলা: স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট স্থায়ী ফর্মুলা নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার।সবুর খান বলেন, ‘সরকারি দল বলছে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে। কিন্তু সেটি কীভাবে হবে, তার কোনো ফর্মুলা প্রকাশ করছে না। আবার বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। তারাও কোনো ফর্মুলা নিয়ে আলোচনা করছে না। এতে নিষ্পেষিত হচ্ছি আমরা, সাধারণ মানুষ।’সংসদকে কার্যকর করার স্থায়ী সমাধান বের করারও আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।হরতালের গাইডলাইন দাবি: হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও এর প্রয়োগের ক্ষেত্রে গাইডলাইন থাকা প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার।সংগঠনের সভাপতি বলেন, ‘কোন কোন পরিস্থিতিতে হরতাল আহ্বান করা যাবে কিংবা কোন কোন ক্ষেত্রে হরতালের বৈধতা দেওয়া যাবে, তার একটি গাইডলাইন থাকা প্রয়োজন। এটি থাকলে সরকারও এ বিষয়ে সচেতন হতে পারবে, যাতে হরতাল আহ্বানের পরিস্থিতি তৈরি না হয়। এ নিয়ে সংসদে আলোচনা হতে পারে।’সবুর খান বলেন, ‘এখন দেশের ১০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। হরতাল ডাকার আগে বিরোধী দল অনলাইন জরিপ করতে পারে। মানুষ হরতাল সমর্থন করছে কি না, তা মোবাইলে এসএমএস পাঠিয়ে জানতে পারে।’যেকোনো এক নেত্রী উদার হোন: দেশের মানুষ ও অর্থনীতির স্বার্থে প্রধান দুই রাজনৈতিক নেত্রীর একজনকে উদার হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, যিনি উদারতা দেখাবেন, তাঁকে জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এখন প্রতিপক্ষে পরিণত হয়েছে। তাই এক পক্ষকে তো এগিয়ে আসতে হবে।প্রয়োজন রাজনীতির আধুনিকায়ন: ঢাকা চেম্বার বর্তমান পরিস্থিতিতে রাজনীতির আধুনিকায়নের দাবি জানিয়েছে। রাজনৈতিক সংকট নিরসন এবং এর কারণে যেন অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য খোলামেলা আলোচনার মাধ্যমে সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসার আহ্বান জানান ঢাকা চেম্বারের সভাপতি। দেশের প্রবীণ নাগরিক, ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘সিটিজেন কাউন্সিল’ গঠনেরও প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার। এ কাউন্সিল সব রাজনৈতিক দলকে সমানভাবে মূল্যায়ন করে গ্রহণযোগ্য সুপারিশ প্রণয়ন করবে, যা প্রয়োজনে জাতীয় সংসদেও উপস্থাপন করা যেতে পারে।রাজনৈতিক স্থিতিশীলতা: ঢাকা চেম্বার বলেছে, প্রধান দুই রাজনৈতিক দলের সহনশীলতা ছাড়া দেশে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। রপ্তানিমুখী শিল্পকে হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়ে ঢাকা চেম্বার বলেছে, রপ্তানি পণ্যবাহী ট্রাক ও কার্গো পরিবহনকে প্রশাসনিক সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বন্দরে যাওয়া-আসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এসব পথে সেনাবাহিনী বা পুলিশ মোতায়েন করা যেতে পারে।