অর্থনীতির স্বার্থে হরতাল না করার আহ্বান অর্থমন্ত্রীর
হরতালে বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের অর্থনীতির স্বার্থে হরতাল না করে সবাইকে গুরুত্বসহকারে বিকল্প কর্মসূচি চিন্তা করার আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবির। তিন দিনব্যাপী আসবাব ও গৃহসজ্জা মেলা-২০১২ উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে মেলাটি যৌথভাবে আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মেলার সহ-আয়োজক বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) ও বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ৭ থেকে ১০ বছর আগের চেয়ে দেশের অর্থনীতি অনেক ভালো অবস্থায় আছে। বর্তমানে দেশের অর্থনীতির প্রায় ৬০ শতাংশই বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এখন এটি আর স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল নয়।অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনীতিকে ‘অসাধারণ’ উল্লেখ করে বলেন, দেশের অর্থনীতি এখন আর অতীতের মতো নেই। তাই বর্তমান প্রেক্ষাপটেই আমাদের চিন্তাভাবনা করতে হবে। সে কারণে হরতালের ইস্যু নিয়ে নতুন করে গভীরভাবে ভাবতে হবে। বিকল্প চিন্তা করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ তাঁর বক্তব্যে সরকারকে ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাজেট ঘাটতি কমানোর জন্য গাড়ির মতো সব বিলাসপণ্যের শুল্ক বাড়ানোর পরামর্শ দেন।এর জবাবে অর্থমন্ত্রী বলেন, এবার বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের বেশি হবে না। কিন্তু ঘাটতি মেটাতে হয় ব্যাংকঋণ ও বৈদেশিক সাহায্য দিয়ে। তাই ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করা সরকারের পক্ষে সম্ভব নয়। অর্থমন্ত্রী আসবাব ও গৃহসজ্জা খাতকে ‘সম্ভাবনাময় খাত’ হিসেবে অভিহিত করেন। তিনি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের চাহিদামতো বিদেশ থেকে কাঁচামাল আনতে আমদানি শুল্ক মওকুফের আশ্বাস দেন। তবে তিনি ব্যবসায়ীদের ভর্তুকি দেওয়ার চাপ প্রয়োগকে অর্থনীতির জন্য ক্যানসার হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশিস বোস, বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আক্তারুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রীসহ অন্যরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় আসবাব, পাট ও হস্তশিল্প খাতের প্রায় পঞ্চাশের অধিক স্টল আছে। কাল শনিবার মেলা শেষ হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।