একের পর এক হরতালে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে তারা দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল পরিহার করতে অনুরোধ জানিয়েছে।বিজিএমইএ গতকাল বুধবার সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়। এতে বলা হয়, চলতি মাসে তিন দিন হরতাল ও এক দিনের অবরোধ কর্মসূচির পর আজ বৃহস্পতিবার পুনরায় হরতাল আহ্বান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উদ্যোক্তাদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি হয়েছে।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, পোশাকশিল্প গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। ইউরোপীয় ইউনিয়নে দ্বিতীয় দফায় মন্দা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতি এবং স্থানীয় পর্যায়ে দুর্বল অবকাঠামো ও গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলা করতে হচ্ছে উদ্যোক্তাদের। এক ধরনের সংগ্রাম করে শিল্পটিকে তাঁরা টিকিয়ে রেখেছেন। এ ছাড়া প্রধান রপ্তানিকারক দেশ চীনের উৎপাদনখরচ বেড়ে যাওয়ায় বিদেশি ক্রেতারা পোশাক আমদানির জন্য বাংলাদেশকে এখন এক নম্বরে বিবেচনার জন্য রেখেছেন। এই অবস্থায় ঘন ঘন হরতাল পোশাকশিল্পের সক্ষমতা কমিয়ে দেবে। ক্রেতাদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। এতে আরও বলা হয়, পোশাকশিল্প হরতালের আওতামুক্ত হলেও কার্যাদেশ সম্পন্ন করতে সহযোগী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়। তাই সামান্য প্রতিবন্ধকতা শিল্পটির স্বাভাবিক কার্যক্রমকে বিঘ্নিত করে। এক ঘণ্টা বিলম্বের জন্য জাহাজীকরণ করা সম্ভব না হলে রপ্তানি কার্যক্রমে ঝুঁকি বাড়ে। বিজিএমইএ মনে করে, বর্তমানে বাংলাদেশ একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আছে। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার, যা একই সঙ্গে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এ অবস্থায় সব রাজনৈতিক দলকে সংঘাতমূলক রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি মনে করে, একের পর এক হরতাল দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব ফেলবে।