অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে সাড়ে ৫ হাজার কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে এ পর্যন্ত সাড়ে ৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বেসরকারি খাত উন্নয়ন সহযোগিতা প্রকল্পের (পিএসডিপি) আওতায় এসব অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও হাইটেক পার্ক দুই বছর ধরে এসব অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে। দেশে এ পর্যন্ত ১৬টি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের লাইসেন্স দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ এপ্রিল বিশ্বব্যাংক এ প্রকল্পে আরও ১৩ কোটি ডলার অর্থায়নের বিষয়টি অনুমোদন করেছে। বিশ্বব্যাংকের বাড়তি অর্থায়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করবে। আগামী ১৫ বছরে সরকারের লক্ষ্য হলো ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠন করা।
সরকারের নেওয়া পিএসডিপিতে বিশ্বব্যাংকের পাশাপাশি আরও সহায়তা করছে যুক্তরাজ্যের সাহায্য সংস্থা ইউকেএইড ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন। প্রকল্পটির আওতায় মূলত ব্যবসা-বাণিজ্য সহজ করতে ও অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়। এর অধীনে শ্রমিকদের দক্ষতা বাড়াতে এ পর্যন্ত ১১ হাজার ৫৪৭ জন লোককে বিভিন্ন শিল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।