অর্থনৈতিক অঞ্চল নিয়ে নতুন আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিনিয়োগ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অর্থনৈতিক অঞ্চল নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
সরকারি, বেসরকারি, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ও বিদেশি—চার ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপন নিয়ে কাজ চলছে। আগামী ১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায় সরকার। এরই মধ্যে ৩০টির প্রাথমিক অনুমোদনও হয়ে গেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট এবারের বক্তৃতায় বলেন, আগামী ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল থেকে রপ্তানি আয় হবে চার হাজার কোটি ডলার। আর কর্মসংস্থান সৃষ্টি হবে এক কোটি মানুষের।
প্রতি ডলার ৭৮ টাকা ধরে হিসাব করলে চার হাজার কোটি ডলারের মূল্যমান দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১২ হাজার কোটি টাকা, যা প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের চেয়েও বেশি।
অর্থনৈতিক অঞ্চলের সার্বিক দিক দেখভালের দায়িত্ব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)। ৩০টির মধ্যে ২২টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন করেছে বেজা পর্ষদ। বাকি আটটি অনুমোদন করেছে বেজা প্রাথমিক নির্বাচন কমিটি (প্রাইমারি সিলেকশন কমিটি)।
বেজা সূত্রে জানা গেছে, বর্তমানে চার ধরনের অর্থনৈতিক অঞ্চলের ভাগ থাকলেও সরকার তা ছয় ধরনের করতে যাচ্ছে। এ জন্য সংশোধন হতে যাচ্ছে অর্থনৈতিক অঞ্চল আইন। নতুন আরও দুটি শ্রেণি করা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলের সুযোগ তৈরি করা হচ্ছে দেশীয় এক বা একাধিক সংস্থার জন্য এবং সরকার থেকে সরকার পর্যায়ের জন্য।
বেজার কর্মকর্তারা জানান, সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো সরকারি মালিকানাতেই স্থাপনের ইচ্ছে সরকারের। বেসরকারিগুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা করা হয়েছে স্থানীয়, প্রবাসী বাংলাদেশি বা বিদেশি ব্যক্তি, সংস্থা ও ব্যবসায়ী দলকে। পিপিপিগুলো হবে দেশি বা বিদেশি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে। এ ছাড়া বেসরকারি, পিপিপি বা সরকারি উদ্যোগে গঠনের পরিকল্পনা করা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন।
আটটি অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে বেজার সূত্রগুলো জানায়। এর মধ্যে পাঁচটির সীমানাপ্রাচীর নির্মাণের কাজ প্রায় শেষ। বাকিগুলোর জমি অধিগ্রহণের কাজ চলছে। মংলা বন্দরের ২০০ মিটার সংলগ্ন ২০৫ একর সরকারি জমিতে রয়েছে মংলা অর্থনৈতিক অঞ্চল। সিরাজগঞ্জে অধিগ্রহণ করা হয়েছে ১ হাজার ৪১ একর জমি। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ হাজার ৭১৬, আনোয়ারায় ৬৩৫ এবং মৌলভীবাজারে ৩৫২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
জানা গেছে, বেজার দখলে বর্তমানে ৫ হাজার ১২০ একর জমি রয়েছে। এ বছরের মধ্যে ১০ হাজার একর জমি সংস্থাটির দখলে আসবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো হলে বাংলাদেশের চেহারাই বদলে যাবে।
অর্থনৈতিক অঞ্চল ৩০টি চিহ্নিত করা হলেও ১০০টির প্রশ্ন আসছে কীভাবে—জানতে চাইলে পবন চৌধুরী বলেন, সরকারের পরিকল্পনা ১০০টি। আর চট্টগ্রামে যে জায়গা অধিগ্রহণ হয়েছে, তাতেই ৫০টি অর্থনৈতিক অঞ্চল করা সম্ভব।
বেসরকারি: বেজা সূত্র জানায়, বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে ছয়টি। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হচ্ছে মেঘনা গ্রুপেরই দুটি—৭২ একরের মেঘনা পিইজেড ও ২২ একরের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল জোন। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় ২১৬ একরের আবদুল মোনেম পিইজেড ও নরসিংদীর পলাশে হচ্ছে ২০০ একরের এ কে খান পিইজেড।
আবদুল মোনেম পিইজেডের পরিচালক মহিউদ্দিন মোনেম প্রথম আলোকে বলেন, ‘জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (জেডিআই) দিয়ে আমরা সমীক্ষা করাচ্ছি। আশা করছি, আগামী দু-তিন বছরের মধ্যে আমাদের অর্থনৈতিক অঞ্চল চালু হবে।’
এ কে খান পিইজেডের পরিচালক শাহাদত হোসেন জানান, তাঁদের অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন করা হচ্ছে বন্দর সুবিধাসহ। মাটি ভরাটের কাজ শেষের পথে। আগামী দুই বছরের মধ্যে যাত্রা শুরু করতে পারবেন বলে আশাবাদী তিনি।
চারটিকে গত ফেব্রুয়ারি-মে সময়ে নিবন্ধন (লাইসেন্স) দিয়েছে বেজা। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় হচ্ছে ৫০০ একরের বিজিএমইএ শিল্পপার্ক। আর বাগেরহাটের রামপালে হচ্ছে ৮১ একরের ফমকম পিইজেড।
চলতি বছরের মধ্যে আরও চার বেসরকারি কোম্পানিকে অর্থনৈতিক অঞ্চলের নিবন্ধন দেওয়ার পরিকল্পনা রয়েছে বেজার।
বিদেশি: জমির অভাবে অনেক বড় বিদেশি উদ্যোগ বাস্তব রূপ পায় না। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে প্রস্তাব এলেও সরকার জমি দিতে পারেনি বলে অর্থমন্ত্রী এবারের বাজেট বক্তব্যে স্বীকার করেছেন। তবে চীন, জাপান ও ভারতের জন্য সরকার সম্প্রতি উদার হয়েছে।
ঠিক কতটি বিদেশি কোম্পানি বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে বিনিয়োগ করতে চায়, সে হিসাব এখনো তৈরি হয়নি।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম চীন ও জাপানের বিনিয়োগকারীদের জন্য দুটি অর্থনৈতিক অঞ্চল সংরক্ষিত রয়েছে। ভারতের জন্যও আরেকটি সংরক্ষণ করার বিষয়টি বিবেচনায় আছে।
বাজেট পেশের দুই দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় অবশ্য ভারতের সঙ্গে একটি নয়, বরং দুটি অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে সমঝোতা স্মারক সই হয়। একটি ৪৭৭ একরের কুষ্টিয়ার ভেড়ামারায়, অন্যটি ১১০ একরের খুলনার মংলায়।
চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় ৮৪৪ একর জমির ওপর। চীন সরকারের পক্ষে এটি করছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
গাজীপুরের শ্রীপুরে হচ্ছে জাপানি বিনিয়োগে ৫১০ একরের শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল।
বেজা সূত্র জানায়, ভারতের দুটি অর্থনৈতিক অঞ্চল হবে সরকার থেকে সরকার পর্যায়ে। এ জন্যই আইন সংশোধন করতে হচ্ছে।
অন্যগুলো: অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আবার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে দুটি। একটি পর্যটনকে গুরুত্ব দিয়ে কক্সবাজারের সাবরাংয়ে, অন্যটি তথ্যপ্রযুক্তি খাতের জন্য ঢাকার কেরানীগঞ্জে। সাবরাংয়ের আয়তন ১ হাজার ২৮ একর, আর কেরানীগঞ্জেরটির আয়তন ১০৫ একর।
বিশেষের পাশাপাশি চারটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে ৩৫০, কুমিল্লার ময়নামতিতে ১০৩, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১১৪ এবং পটুয়াখালীতে ১১৩ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
এর বাইরে জামালপুরে ৪৮৮, নারায়ণগঞ্জে ৮৯১, ভোলায় ৩০৪, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩২৮, পঞ্চগড়ে ৬১০, নরসিংদীতে ৬৯০, মানিকগঞ্জে ৩০০, বরিশালের আগৈলঝাড়ায় ৩০০, নীলফামারীতে ১০৭ একর জমি অধিগ্রহণ করা হবে।
২০১০ সালের আগস্টে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন পাস হয়। ২০১২ সালের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম পরিচালনা পর্ষদের বৈঠক। অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শেষ করতে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প (পর্যায়-১)’ শীর্ষক একটি প্রকল্পও হাতে নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেজা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘দেশব্যাপী অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগে আমি সত্যিই অনুপ্রাণিত বোধ করছি। এর মাধ্যমেই বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব হবে’।