অর্থনৈতিক অঞ্চল পাচ্ছে নিটল-নিলয় গ্রুপ
>কিশোরগঞ্জের কালিয়াচাপড়া চিনিকলকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করবে তারা, পাঁচ মাসের মধ্যে বিনিয়োগের উপযোগী করার আশা
কিশোরগঞ্জে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি পাচ্ছে নিটল-নিলয় গ্রুপ। ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পাকুন্দিয়া উপজেলায় প্রায় ৯২ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাওয়া এ অর্থনৈতিক অঞ্চলটির নাম হবে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড)। আজ সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের প্রাক-যোগ্যতা লাইসেন্স দেবে।
কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে একটি সরকারি চিনিকলের জমিতে, যার নাম কালিয়াচাপড়া চিনিকল। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি ২০০৪ সালে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। সেটি কিনে নেয় নিটল-নিলয় গ্রুপ।
এই অর্থনৈতিক অঞ্চলে গ্যাস-বিদ্যুৎ-সংযোগ আছে। পাশাপাশি এটি ভৈরব-কিশোরগঞ্জ রেললাইনের গোচিহাটা রেলস্টেশনের সঙ্গে নিজস্ব লাইন দ্বারা সংযুক্ত আছে। এর জমিও বিনিয়োগের উপযোগী, মাটি ভরাট করতে হবে না। বেজা জানিয়েছে, কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিক উৎপাদনের প্রথম বছরে ২ হাজার লোকের কর্মসংস্থান হবে। পরবর্তী পাঁচ বছরে সেখানে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
জানতে চাইলে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি আগামী পাঁচ মাসের মধ্যে এ অর্থনৈতিক অঞ্চলটি বিনিয়োগের উপযোগী করে ফেলতে পারব। এর মধ্যেই সেখানে একটি কারখানা নির্মাণ শুরু হবে। সব মিলিয়ে আমরা এ অর্থনৈতিক অঞ্চলে ১০০ থেকে ১২৫টি মাঝারি কারখানা করার জন্য জমি দিতে পারব।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে অনেকে সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে কিছু জাপানি প্রতিষ্ঠানের আগ্রহ আছে। আমরা সেখানে জমির ইজারামূল্যও অন্যান্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের চেয়ে কম রাখব।’
সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করেছে। এর মধ্যে কিছু হবে বেসরকারি খাতে। বেজা ইতিমধ্যে ৪টি অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স দিয়েছে। সব মিলিয়ে ১৫টি অর্থনৈতিক অঞ্চলের প্রাক-যোগ্যতা লাইসেন্স দেওয়া হয়েছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোরগঞ্জে উল্লেখযোগ্য কোনো শিল্প নেই। সেখানে চিনিকলে যে কর্মসংস্থান ছিল, অর্থনৈতিক অঞ্চল হলে সেই কর্মসংস্থান আবার তৈরি হবে।
বেজার চেয়ারম্যান আরও বলেন, ‘২০১৮ সালনাগাদ দেশে ২০টি অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের জন্য প্রস্তুত হবে। আমরা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় নিয়ম মানার ওপর খুব গুরুত্ব দিচ্ছি। আমরা চাই বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো সব নিয়ম মেনে দ্রুত মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান ও সম্ভাব্যতা যাচাই শেষ করে বিনিয়োগের জন্য তৈরি হোক।’