অর্থনৈতিক অঞ্চলের জন্য কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পণ্য আনা-নেওয়ার জন্য সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মাঝামাঝি এলাকায় সন্দ্বীপ চ্যানেলে একটি ছোট আকারের বন্দর বা টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম শেষ করেছে চট্টগ্রাম বন্দর। তবে কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

আজ বুধবার দুপুরে শহীদ মো. ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। মতবিনিময় সভায় বন্দরের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এ ছাড়া সভায় বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে বড় পর্দায় একটি প্রতিবেদন তুলে ধরেন বন্দর পর্ষদ সদস্য জাফর আলম।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, ‘সারা দেশে ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ফেনী, মিরসরাই ও আনোয়ারার তিনটি অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দরের কাছে। ফেনী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে সেখানে বন্দর নির্মাণ সম্ভব কি না, তা জানাতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা প্রাক্‌-সম্ভাব্যতা শেষ করেছি। সম্ভাব্যতা শেষে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মাঝামাঝি দুটি স্থান বাছাই করা হয়েছে। সেখানে একটি মধ্যম আকারের বন্দর বা টার্মিনাল করার জন্য চিন্তাভাবনা করছি। এ জন্য ২৬ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ নৌ চলাচলের পথ তৈরি করতে হবে। কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা হলেই টার্মিনাল বা বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া যাবে। এটি হলে চট্টগ্রাম বন্দরের ওপরও চাপ কমবে।’

এ ছাড়া পতেঙ্গার অদূরে প্রস্তাবিত বে টার্মিনাল নির্মাণে প্রথম ধাপের কাজ ২০২৩ সালে শেষ করার পরিকল্পনা থাকলেও তা ২০২১ সালের মধ্যে শেষ করার লক্ষ্য আছে বলে জানান বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, প্রাথমিকভাবে দেড় হাজার মিটার লম্বা কনটেইনার টার্মিনাল করা হবে সেখানে। এ মাসের মধ্যে পরিবেশের ছাড়পত্র পেলে ৯০৭ একর জমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত করা হবে। সম্ভাব্যতা সমীক্ষাকাজের জন্য ১৭ আগস্ট পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে।

মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন কারণে গত ১০ বছরে নিউমুরিং টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর জন্য গ্যান্ট্রিক্রেন ক্রয় করা সম্ভব হয়নি। তবে এ মাসের মধ্যেই ক্রেন ক্রয় করার জন্য দরপত্র আহ্বান করা হবে। অন্যান্য যন্ত্রপাতি ক্রয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আনুমানিক ১ হাজার ২০০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঈদের ছুটিসহ নানা কারণে বন্দরে কিছুটা জটের সৃষ্টি হলেও বর্তমানে তা সহনীয় পর্যায়ে আছে বলে মন্তব্য করেন বন্দর চেয়ারম্যান। এ জন্য বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। সভায় জেটি, ইয়ার্ড ও যন্ত্রপাতি ক্রয়ে বেশ কিছু পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় বন্দর পর্ষদের সদস্য ও ১৫টি বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।