সামষ্টিক অর্থনীতিতে যথাযথ ব্যবস্থাপনাসহ দূরদর্শী তদারকি ও নিয়ন্ত্রণ পদক্ষেপ না নেওয়া হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক উদারীকরণ ‘সংকটের ঝুঁকি’ বাড়িয়ে দেবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এক কর্মশালায় এ অভিমত দেওয়া হয়েছে। চট্টগ্রামের একটি হোটেলে গতকাল সোমবার ‘আন্তর্জাতিক বাণিজ্যে প্রতারণা: প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও প্রতিকারসমূহ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় চিটাগাং চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি এম এ সালাম, আইসিসিবির সচিব আতাউর রহমান এবং আইসিসি-ইন্টারন্যাশনাল ক্রাইম সার্ভিসেসের পরিচালক ও প্রধান পি মুকুন্দন বক্তব্য দেন। এতে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৫০ জন প্রতিনিধি অংশ নেন। এম এ সালাম বলেন, অতিসম্প্রতি বিশ্ব ইতিহাসের অন্যতম অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করেছে। এ সংকটের কারণে অর্থায়ন পদ্ধতির কার্যক্রম এবং এটা কীভাবে নিয়ন্ত্রিত হবে তা পুনর্বার বিবেচনায় রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।