গণতান্ত্রিক চর্চা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। তাই দীর্ঘমেয়াদের উন্নয়নে গণতান্ত্রিক মূল্যবোধ এগিয়ে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সেই সঙ্গে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়তে ব্যর্থ হলে উন্নয়ন টেকসই করা যাবে না।
সম্প্রতি (২১-২২ জুন) অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের (বিইএফ) দুই দিনব্যাপী সেমিনার থেকে এমন বার্তাই পাওয়া গেছে বলে জানিয়েছেন এই সেমিনারের উদ্যোক্তারা। খবর বাসসের।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে বিইএফের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মহিউদ্দিন আলমগীর, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে. মুজেরি, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ, উপমহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ প্রমুখ।
মোস্তফা মুজেরি বলেন, মতের ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। গণতান্ত্রিক চর্চা অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। গণতান্ত্রিক প্রকৃতি কেমন হবে, সেটা জরুরি বিষয়। তার পরও গণতান্ত্রিক মূল্যবোধ এগিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কেননা অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্র বড় ভূমিকা পালন করতে পারে।
ইকোনমিস্ট ফোরামের সম্মেলনে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেছিলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারলে অসাম্যতা বেড়ে যাবে। এ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মহিউদ্দিন আলমগীর বলেন, এই মুহূর্তে নির্বাচন কোনো সমস্যা নয়, জরুরি বিষয় হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। মূল্যস্ফীতি ঠিক রাখতে হবে আর প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে। তবে সে জন্য অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আর সেটা নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যেতে হবে।
সাদিক আহমেদ বলেন, দীর্ঘমেয়াদে উন্নতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সেই সঙ্গে বাংলাদেশে ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিক অর্থনীতির চাকা সচল রয়েছে, সেটাকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। এ জন্য পেশাদার চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটানো প্রয়োজন। যে কাজটা ইকোনমিস্ট ফোরাম করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইকোনমিস্ট ফোরাম প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে। সুশাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন টিকিয়ে রাখা সম্ভব নয় বলে তাঁরা মত দেন।