এ সপ্তাহের সাক্ষাৎকার: রাজনৈতিক সহিংসতার কবল থেকে মুক্ত হতে পারছে না ব্যবসা-বাণিজ্য। ব্যবসার এ দুঃসময়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম

প্রথম আলো: দেশের ব্যবসা-বাণিজ্যের এখন কী পরিস্থিতি?
মাহবুবুল আলম: রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে উৎপাদনমুখী শিল্পকারখানা এবং রপ্তানি খাতের ক্ষতির কথা আমরা বারবার বলে আসছি। টানা সহিংস কর্মসূচির প্রভাবে ব্যবসা পরিচালন খরচ বেড়ে গেছে। বন্দরে পণ্য আসার পর থেকে গুদামে তোলা পর্যন্ত বাণিজ্যিক আমদানিকারকেরা বাড়তি খরচ গুনছেন। গুদামে পণ্য আনার পরও বিক্রি কমে যাওয়ায় খালি হচ্ছে না। গুদাম থেকে পণ্য বের করতে না পারলেও ব্যাংকের কিস্তি ও সুদ দিতে হচ্ছে। কারখানার কাঁচামাল দ্রুত কারখানায় আনা যাচ্ছে না। আবার উৎপাদন করেও বিক্রি হচ্ছে না। কারখানার গুদামে পণ্য জমে উৎপাদনও ব্যাঘাত হচ্ছে। একই অবস্থা রপ্তানি খাতেও। পণ্য জাহাজীকরণে বেগ পেতে হচ্ছে। যাঁরা পারছেন না, তাঁদের ছাড় দিয়ে বা বাড়তি ভাড়ায় বিমানে পণ্য পাঠাতে হচ্ছে।
প্রথম আলো: রাজনৈতিক সহিংসতার অবসান না হলে দীর্ঘ মেয়াদে ব্যবসা-বাণিজ্যে কি ঝুঁকি তৈরি হবে বলে মনে করেন?
মাহবুবুল আলম: রাজনৈতিক অস্থিরতার সময় ব্যাংকে অলস টাকার পাহাড় জমে। এবারও একই পরিস্থিতি। অস্থিরতার কারণে উদ্যোক্তারা ব্যবসার জন্য টাকা নিতে সাহস পাচ্ছেন না। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়ে পড়ছে। আবার যাঁরা এ পরিস্থিতিতেও ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাঁদের অবস্থা খুবই খারাপ। অস্থিরতার কারণে ক্ষতি পুষিয়ে নিতে না পেরে এরই মধ্যে অনেকে নিজেদের কিছুসংখ্যক কর্মচারী বিদায় করছেন। কেউ ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এক-দুই মাস পর তো অনেক প্রতিষ্ঠানও কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারবে বলে মনে হয় না। অনেক কারখানাও বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় সামনে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, পুরোনোরাই এখন দাঁড়াতে পারছে না। এক পরিসংখ্যানে দেখা গেছে, বছরে ১২ লাখ লোকের কর্মসংস্থান হয় দেশে। অনেকে বেকারও থাকে। এখন ছাঁটাই ও নতুন কর্মসংস্থান সংকুচিত হওয়ায় বেকারের সমস্যা বাড়বে। এতে সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা আছে। তখন ব্যবসা চালানোও কঠিন হয়ে পড়বে।
প্রথম আলো: তাহলে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায়টা কী?
মাহবুবুল আলম: রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এ অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এ জন্য প্রথমেই দরকার রাজনৈতিক সমঝোতা। প্রধানমন্ত্রীও যেটি বলেছেন, মধ্য মেয়াদে নির্বাচনের জন্য আলোচনা শুরু করা উচিত। এখন দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসা উচিত। রাজনৈতিক সমঝোতা হলে সংকট থেকে বেরিয়ে আসা যাবে। তা না হলে অস্থিরতা কমবে না। আর বেসরকারি খাত ঝিমিয়ে পড়লে মধ্য আয়ের দেশের দিকে এগিয়ে যাওয়ার সুযোগও হাতছাড়া হবে।
প্রথম আলো: শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কী?
মাহবুবুল আলম: ব্যবসাবান্ধব পরিবেশের ক্ষেত্র প্রস্তুত করাই আমাদের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে সচল থাকবে—এটিই আমরা চাই। তবে নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের কিছু প্রত্যাশাও আছে। জানুয়ারিসহ ধরলে গত চার মাস ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়টি বিবেচনায় রেখে আগামী চার মাস ব্যাংকঋণের সুদ মওকুফ, ব্যাংক সুদের হার কমানো এবং ঋণের কিস্তি পরিশোধে কিছুটা শিথিলতা দিতে হবে। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রণোদনাসহ বিভিন্ন সুবিধা দেওয়া উচিত।
প্রথম আলো: দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পরিস্থিতি কেমন?
মাহবুবুল আলম: গত কয়েক মাসে খাতুনগঞ্জে লেনদেন অন্তত ৭০ শতাংশ কমে গেছে। আমদানিকারকেরা যে হারে পণ্য আমদানি করেছেন, সেই হারে পণ্য বিক্রি করতে পারছেন না। ব্যাংকের ঋণের সুদ ও কিস্তি পরিশোধ করতেই এখন হিমশিম খাচ্ছেন অনেকে। বনেদি ব্যবসায়ীরাও এখন মাথা তুলে দাঁড়াতে পারছেন না। এর পরও হয়তো অনেকে ব্যবসা চালিয়ে রাখছেন। লোকসান দিয়েও ব্যবসা না চালালে দেউলিয়া হওয়ার শঙ্কা আছে। যাঁরা চালাতে পারছেন না, তাঁরা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। শুধু অস্থিরতার কারণে সাম্প্রতিক অস্থির সময়ে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
প্রথম আলো: ব্যবসা পরিচালনা করতে গিয়ে স্থানীয়ভাবে কী কী সমস্যা মোকাবিলা করছেন?
মাহবুবুল আলম: বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও গ্যাস-সংকট কাটেনি। আবার ট্রাকভাড়া বেড়েছে। বন্দর থেকে চাক্তাই-খাতুনগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহন খরচও এখন অনেক বেশি। এ দূরত্বে ভাড়া দিয়ে বন্দর থেকে ফেনী পর্যন্ত পণ্য পরিবহন করা যায়। আবার গুদামে পণ্য রাখার ভাড়াও বেড়েছে। অবরোধের প্রভাবের সঙ্গে এসব ছোট-বড় সমস্যা যোগ হওয়ায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে।
প্রথম আলো: আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম চট্টগ্রাম বন্দর। হরতাল-অবরোধে বন্দরের সক্ষমতার ব্যবহার কতটুকু?
মাহবুবুল আলম: ওয়ান-ইলেভেনের সংস্কার কর্মসূচির কিছু বাস্তবায়নের কারণে বন্দর এখনো সচল আছে। কিন্তু বন্দরকে আরও বেশি সক্ষমতায় উন্নীত করা হচ্ছে না। হয়তো এখন সমস্যা হচ্ছে না, কিন্তু বন্দরের সক্ষমতার ক্ষেত্র না বাড়ালে ভবিষ্যতে বন্দর থেকে সেবা পেতে বেগ পেতে হবে। আপনারা জানেন, ২০০৭ সালে প্রায় ৫৮০ কোটি টাকায় দেশের সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনালটির নির্মাণকাজ শেষ হয়। এরপর বেসরকারি খাতে দেওয়ার জন্য প্রক্রিয়াও শুরু হয় সেই সময়। কিন্তু এত দিনেও তা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায়নি।
[সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ]