বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেছেন, দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে স্থানীয় উদ্যোক্তারা যেমন বিনিয়োগে উৎসাহ হারাবেন, তেমনি বিদেশি বিনিয়োগকারীরাও এখানে আসবেন না।এ কে আজাদ গত রোববার রাতে সিরাজগঞ্জ চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও শিল্পায়নের স্বার্থে সব দলেরই এমন কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না, যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান ব্যাহত হয়।সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি সৈয়দ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী। এতে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বারের সহসভাপতি সাইদুর রহমান, পরিচালক আসাদ উদ্দিন এবং এফবিসিসিআইয়ের পরিচালকেরা।