এ সপ্তাহের সাক্ষাৎকার: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের সভাপতি আফতাব-উল ইসলাম
অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে হবে
প্রথম আলো: মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে দেওয়া সাধারণকৃত অগ্রাধিকার সুবিধা (জিএসপি) প্রত্যাহার বা স্থগিত করতে পারে বলে জানা গেছে। বাংলাদেশের ওপর এর প্রভাব কতটা ও কীভাবে পড়বে?আফতাব-উল ইসলাম: বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির মাত্র ১ শতাংশ বা খুব সামান্যই জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করে হয়। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক জিএসপি সুবিধা পায় না। সেদিক থেকে বিবেচনা করলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রভাব বাংলাদেশের বাণিজ্যের ওপর পড়বে না। তবে এটা মনে রাখতে হবে, এ জিএসপি সুবিধা আমাদের অনেক আগে দেওয়া হয়েছিল। এটা বাতিল হলে নতুনভাবে আবার তা পাওয়া খুব কঠিন হবে। জিএসপির আওতায় যেসব পণ্য ছিল, সেগুলোর রপ্তানি বাড়ানোর সুযোগও নষ্ট হবে। সবচেয়ে বড় কথা, বিশ্বজুড়ে একটি ভুল বার্তা যাবে যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করা কঠিন। এটা অন্যান্য উন্নত দেশকেও কম-বেশি প্রভাবিত করতে পারে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন একধরনের উদ্বেগ প্রকাশ করেছে। প্রথম আলো: তাহলে এখন আমরা কীভাবে এ জিএসপি-সুবিধা বহাল রাখতে পারি?আফতাব-উল ইসলাম: আলোচনা করতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি নিয়ে একটি দল গঠন করা উচিত। এ দলটি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে জরুরিভিত্তিতে আলাপ-আলোচনা করবে। বিশেষত আমেরিকার শ্রম সংগঠন এএফএল-সিআইওর সঙ্গে তদবির করতে হবে যে তারা যেন বাংলাদেশের জিএসপি বাতিলের জন্য তাদের দাখিলকৃত আবেদন প্রত্যাহার করে নেয়। কেননা, এ শ্রম সংগঠনটি অত্যন্ত প্রভাবশালী। তারা ২০০৭ সালে প্রথম বাংলাদেশের জিএসপি-সুবিধা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন দাখিল করে। প্রথম আলো: যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা ও যোগাযোগ তো হচ্ছেই। বিশেষভাবে সরকার আর কী পদক্ষেপ নিতে পারে?আফতাব-উল ইসলাম: এখানেই চলে আসে বাণিজ্য ও বিনিয়োগ-সহযোগিতা রূপরেখা চুক্তির (টিকফা) প্রয়োজনীয়তা। টিকফা হলো আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে পারস্পরিক আলোচনার একটি আইনি মঞ্চ। এখানে দুই দেশের প্রতিনিধিরা নিয়মিত ভিত্তিতে পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারবে। টিকফা না থাকায় এখন বাংলাদেশের জন্য জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা নিয়ে নিয়মিত ভিত্তিতে আলোচনা ও দেনদরবার করা কঠিন হয়ে গেছে। টিকফা থাকলে বাংলাদেশ সরকার অনেক সহজেই জিএসপিসংক্রান্ত জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারত। তা ছাড়া টিকফা স্বাক্ষর হলেই যুক্তরাষ্ট্র যা চাইবে, বাংলাদেশকে তা করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা তৈরি হবে না। বরং দ্বিপক্ষীয় আলোচনার পথ অনেক সহজ হবে। সুতরাং, টিকফা স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশের দিক থেকে আরও দ্রুত অগ্রসর হওয়া প্রয়োজন। প্রয়োজন অর্থনৈতিক কূটনীতিকে জোরদার করা। বেসরকারি খাতের পক্ষ থেকেও সরকারের সঙ্গে টিকফা নিয়ে কথাবার্তা বলতে হবে। প্রথম আলো: টিকফা স্বাক্ষরে শ্রমসংক্রান্ত অল্প কিছু বিষয় অন্তরায় হয়ে আছে। আবার জিএসপি স্থগিত বা প্রত্যাহারের বিষয়টিও জোরদার হয়েছে বাংলাদেশে শ্রমিকের কর্মপরিবেশের নিম্নমানের অভিযোগ। বিশেষত, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও শতাধিক শ্রমিকের প্রাণহানি একটা বড় নিয়ামক হয়েছে বলে অনেকে মনে করছেন। এটা কতটা ঠিক?আফতাব-উল ইসলাম: টিকফায় শ্রম অধিকারসংক্রান্ত কিছু বিষয়ে বাংলাদেশের আপত্তি আছে। বলা হচ্ছে, বিষয়গুলো মেনে নিলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রমিকের স্বাধীনতা ও শ্রমমানের ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি বা শর্তারোপ করতে পারবে। আসলে টিকফা না হলে বরং অধিক কড়াকড়ি আরোপের আশঙ্কা থেকে যায়। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও নিজস্ব শ্রম আইন প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং টিকফায় এটা উল্লেখ করা হলে যুক্তরাষ্ট্র বাড়তি কিছু চাপাতে পারবে না। আর শ্রমিকের কর্মপরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রসহ গোটা উন্নত বিশ্বেরই উদ্বেগ আছে। বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের নিজেদেরও উদ্বেগ আছে। ১৯৯৫ সালে তৈরি পোশাক খাতে শিশুশ্রম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে যে বড় ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল, বাংলাদেশ কিন্তু তা সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। তাহলে আজ আমরা কেন নিজেদের শ্রমিকদের জীবন-মান উন্নত করতে কারখানার কর্মপরিবেশ আরও উন্নত করতে পারব না? নিজেদের প্রয়োজনেই এটা আমাদের করতে হবে। বেসরকারি খাতকে এ জন্য এগিয়ে আসতে হবে। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]