অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিকই আছে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিকই আছে, তা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সংবাদমাধ্যম ও অর্থনীতিবিদদের তা চোখে পড়ছে না।সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক ও মুদ্রা বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কমিটির সভা শেষে গতকাল রোববার সমালোচনা করে এভাবেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যম ও অর্থনীতিবিদদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা কিছুই দেখছেন না। খামোকাই কথা বলছেন। আমার মনে হয়, আপনারা ঠিক করে ফেলেছেন অর্থনীতিকে নিচে নামাবেন। আর যেসব কথা বলছেন, তার সবই তো আমার বাজেট বক্তৃতা থেকে নেওয়া।’সমালোচনা করলেও অর্থনীতির কী কী বিষয় সংবাদমাধ্যম ও অর্থনীতিবিদদের চোখ এড়িয়ে যাচ্ছে—তা অবশ্য তুলে ধরেননি অর্থমন্ত্রী। বরং পাল্টা প্রশ্ন করেন, ‘সবকিছু কি আপনাদের বলব নাকি, কী করছি না করছি?’অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মধ্যে থাকার দাবি করলেও অর্থনীতিতে ঝুঁকির বিষয়টি বরাবরের মতো গতকালও স্বীকার করেন অর্থমন্ত্রী। পাশাপাশি অর্থমন্ত্রী এ-ও বলেন, তাঁর বিবেচনায় দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে।মুহিত বলেন, ‘এখন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এ সম্পর্কে আমার কিছু বলার নেই। আগে যে বক্তব্য দিয়েছিলাম, এখনো তাতেই স্থির আছি।’ অর্থনীতির ঝুঁকি বিষয়ে মুহিত বলেন, ‘ঝুঁকির কথা তো আমি বাজেট বক্তৃতায়ই বলেছি। তালিকাও করে দিয়েছি কী কী বিষয় ঝুঁকিপূর্ণ। অথচ ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের একটি প্রতিবেদনে ৩০টি ঝুঁকির কথা বলেছে। এর মধ্যে ২৬টিই আমার নিজের, আর চারটি তাদের। তাদের একটি হলো অর্থবছর পরিবর্তন, যা এখন সম্ভব নয়।’এ বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানের অর্থবছর (জুলাই-জুন) চালু পাকিস্তান আমল থেকেই। এটি ঠিকই আছে। কারণ, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্তই সাধারণত উন্নয়নকাজ হয়। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যদি ব্যর্থ হই, তাহলে তা হবে আমাদের ব্যর্থতা, অর্থবছরের ব্যর্থতা নয়।’এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ভর্তুকি ও লেনদেনের ভারসাম্য—অর্থনীতিতে এ দুটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। ভর্তুকি নিয়ে অর্থনীতিবিদদের মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ বলেন ভর্তুকি কমান, আবার কেউ বলেন ভর্তুকি কমালেন কেন। তাঁরা আসলে কী চান, আমি বুঝি না।’ভর্তুকি তুলে দেওয়া প্রসঙ্গে জোর দিয়ে মুহিত বলেন, ‘অবশ্যই তা করা হবে। কমিয়ে আনা হবে ধাপে ধাপে। এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা হচ্ছে।’তবে জ্বালানি তেলে ভর্তুকি কমিয়ে আনা হয়তো সম্ভব হবে না উল্লেখ করে মুহিত বলেন, ‘এটা দেখতে হবে।’উল্লেখ্য, সরকার গত ছয় মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে তিনবার। সর্বশেষ ১০ নভেম্বর এই দাম বাড়ানো হয়।অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে পণ্যবাণিজ্যে ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ২৩ শতাংশ বেড়ে গেছে।এ ছাড়া অর্থবছরের প্রথম প্রান্তিকে লেনদেনের সামগ্রিক ভারসাম্যে ৪০ কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে গত বছরের একই সময়ে ৪২ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি ছিল।চলতি অর্থবছরে মোট ভর্তুকির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ২২ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু এরই মধ্যে তা বাড়িয়ে ৪৭ হাজার ৪০০ কোটি টাকা করা হয়েছে।ফলে ভর্তুকির হার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং জ্বালানি তেলেই দেওয়া হচ্ছে সিংহভাগ ভর্তুকি।