অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন বছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার পূর্ববর্তী বছরের তুলনায় কমে যাওয়ার প্রবণতা মোকাবিলার জন্য দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ৷

প্রতিষ্ঠানটি ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে ‘ডিলিং উইথ ডিসিলারেশন: স্টেট অব বাংলাদেশ ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট ২০১৩-১৪’ শীর্ষক প্রকাশনায় এই গুরুত্বারোপ করেছে৷ একই সঙ্গে এই বলে সতর্ক করছে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সামষ্টিক অর্থনৈতিক নীতির কার্যকারিতার ওপর নির্ভর করে এবং দেশের জাতীয় আয় ও কর্মসংস্থানের হ্রাস-বৃদ্ধি নির্ধারিত হয়। যদি অর্থনীতি ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি বিরাজমান থাকে, তাহলে ক্রমহ্রাসমান অর্থনৈতিক গতিধারা প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে।

বার্ষিক প্রকাশনাটি বর্তমান অর্থনৈতিক মন্থরগতির ওপর আলোকপাত করে দেখিয়েছে যে অদূরদর্শী রাজস্ব ব্যবস্থাপনা ও অসামঞ্জস্য মুদ্রানীতির কারণে অর্থনীতিতে বিনিয়োগ স্থবিরতা এবং কৃষি খাত, শিল্প খাত ও বহিস্থ খাতে হ্রাসমান প্রবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। এতে আরও বলা হয়েছে, দারিদ্র্যের হার কমার গতি সাম্প্রতিক সময়ে কমে গেছে, অন্যদিকে বেকারত্ব, বিশেষ করে শি‌িক্ষত বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। সামাজিক খাতে বাজেট বরাদ্দ ও বার্ষিক উন্নয়ন কর্মসূ​িচ বাস্তবায়ন উভয়ই হ্রাস পেয়েছে।

প্রকাশনায় বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও প্রকৃত আয়ের মধ্যে ব্যবধান বৃদ্ধির প্রবণতা দেখা গেছে, যা অর্থনীতিতে অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিনিয়োগ সক্ষমতা কমিয়ে দিয়েছে।

মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির হার ২০১০-১১ অর্থবছরের ৬ দশমিক ৭১ শতাংশ থেকে কমে গিয়ে ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ২৩ শতাংশে ও ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক শূন্য ৩ শতাংশে দাঁড়িয়েছে। আর উন্নয়ন অন্বেষণ মনে করছে, বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধির হার গত এক দশকের গড় প্রবৃদ্ধির হার তথা ৬ শতাংশের নিচে নেমে যেতে পারে।

অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগের হার প্রায় স্থবির অবস্থায় রয়েছে এবং সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্প্রতি উচ্চ ব্যবধান পরিলক্ষিত হচ্ছে। সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য পঁুজি পাচারকেও নির্দেশ করে। ক্রমবর্ধমান অপ্রদর্শিত অর্থনীতি ও দুর্বল কর প্রশাসনের দিকে দৃষ্টি দিয়ে গবেষণায় দেখা যায়, প্রতিবছর গড়ে ১৫০ কোটি ডলার অর্থ পাচার হয়। ২০১১-১২ অর্থবছরের সঞ্চয় ও বিনিয়োগের ব্যবধান ছিল ২ দশমিক ৬৪ শতাংশ, যা ২০১২-১৩ অর্থবছরে ২ দশমিক ৬৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।

গবেষণাপ্রতিষ্ঠানটি  আরও বলছে, সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে মূলধন ও উৎপাদনের অনুপাতের অবনতি পরিলক্ষিত হয়, যা বিনিয়োগের পরিমাণের স্থবিরতা ও কম উৎপাদনশীলতাকে নির্দেশ করে।