অর্থনৈতিক মুক্তি অর্জনে চুক্তি তত্ত্ব গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মুক্তি অর্জনে চুক্তি তত্ত্ব (কন্ট্রাক্ট থিওরি) বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ফরাসউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘কন্ট্রাক্ট থিওরি আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কোথায় আমাদের ঠকানো হচ্ছে, এটা বুঝে আলাপ-আলোচনা করতে হবে।’
চুক্তি তত্ত্ব নিয়ে রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ ফরাসউদ্দিন আহমেদ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের বিষয়বস্তু ছিল ‘চুক্তি তত্ত্ব, সম্পদের অধিকার ও অর্থনৈতিক অর্জন’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক কর্নার স্টোন রিসার্চের গবেষক ও অর্থনীতিবিদ রেজওয়ান হক।
প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে চুক্তি তত্ত্বের বহুমাত্রিক প্রভাব রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্র যেসব পক্ষ বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, সেগুলো ভালো হলে তার দীর্ঘমেয়াদি সুফল অর্থনীতি পায়। একইভাবে একজন শ্রমিক বা কর্মীর সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কেমন চুক্তি হচ্ছে, তার ওপর কর্মক্ষেত্রে ওই কর্মীর সন্তুষ্টি নির্ভর করে।
নজিবুর রহমান বলেন, পণ্য বাণিজ্যে শুল্ক সুবিধা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মতো দেশের সঙ্গে করা বিভিন্ন চুক্তির শর্ত পূরণ করেনি। ভবিষ্যতে চুক্তির ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় রাখতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন অনুযায়ী চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৮৯। চুক্তি বাস্তবায়ন সূচকে উন্নতি করতে পারলে ডুয়িং বিজনেস সূচকেও বাংলাদেশের অবস্থানের উন্নতি হবে।