অর্থনৈতিক শুমারির তথ্য করারোপে ব্যবহার হবে না
অর্থনৈতিক শুমারির তথ্য কর নির্ধারণে ব্যবহার করা হবে না। শুমারির তথ্য গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। মূলত ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যত্ উন্নতির জন্য অর্থনৈতিক শুমারি হচ্ছে।
অর্থনৈতিক শুমারি-২০১৩-এর দ্বিতীয় পর্বের গণনার কাজ শুরু উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এসব কথা বলেন। আগারগাঁওয়ের পরিসংখ্যান ব্যুরো ভবনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অর্থনৈতিক শুমারির দ্বিতীয় পর্বের গণনা ১৫ থেকে ২৪ মে পর্যন্ত রাজধানীসহ দেশের ২৭টি জেলায় চলবে। প্রথম পর্বে ৩৭টি জেলার গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। শুমারির ফলাফল এ বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষিবহির্ভূত এসব খাতের কাঠামোগত পরিবর্তন এবং অর্থনীতিতে অবদান নিরূপণই শুমারির মূল উদ্দেশ্য। তিনি গণনাকারীদের নির্দিষ্ট সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
ব্রিফিংয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল ও অর্থনৈতিক শুমারি
প্রকল্প পরিচালক দিলদার হোসেন বক্তব্য দেন।