অর্থনৈতিক শুমারির মূল গণনা শুরু
১০ বছর পর কৃষিবহির্ভূত অর্থনৈতিক শুমারি-২০১৩ এর মূল গণনা কার্যক্রম গতকাল সোমবার শুরু হয়েছে। ১০ দিনব্যাপী প্রথম পর্যায়ের এই গণনা কার্যক্রম দেশের ৩৭ জেলায় একযোগে চলবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালনায় তৃতীয়বারের মতো এই শুমারিটি সম্পন্ন হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্যের হালনাগাদ চিত্র পাওয়া যাবে। যা সরকারের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করবে। প্রথম পর্যায়ের এই গণনা ২৪ এপ্রিল শেষ হবে। বিবিএসের পরিচালক সত্য রঞ্জন মণ্ডল প্রথম আলোকে বলেন, ১০ দিনের মূল গণনা কার্যক্রম শুরু হয়েছে। তবে গত ৩১ মার্চ মূল শুমারির প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়েছিল। এত দিন তথ্য সংগ্রহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সত্য রঞ্জন আরও বলেন, মূল গণনার আগে সব খানা ও প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত সব প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া অকৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেসব খানা থেকে তথ্য নেওয়া হবে। জানা যায়, মূল অর্থনৈতিক শুমারি গণনার জন্য ২৭টি প্রশ্ন-সংবলিত প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। এতে খানা ও প্রতিষ্ঠানের সাধারণ তথ্য ছাড়াও মালিকানার ধরন, উৎপাদিত পণ্য, প্রবাসী-বিনিয়োগ, নিবন্ধন, মূলধন, বিক্রয় ও হিসাবব্যবস্থা, উৎপাদনপদ্ধতি, কর্মরত জনবল ও তাদের বেতন বা মজুরি, নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং কর ও মূসক নিবন্ধন ইত্যাদি তথ্য সংগ্রহের কথা আছে।এবারের অর্থনৈতিক শুমারির পর্যায়গুলো হচ্ছে—প্রাক্শুমারি, মূল শুমারি, শুমারি-পরবর্তী যাচাই (পিইসি) ও নমুনা শুমারি। দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২ মে। শুমারির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি টাকা। প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক জানান, ফেনীতে গণনার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার। তিনি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য প্রদান করে দেশের উন্নয়নে অংশগ্রহণ ও সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন। এ সময় বিবিএসের সহকারী পরিচালক এস এম আনিছুজ্জমান উপস্থিত ছিলেন। বাসস জানায়, খুলনায় গতকাল সকালে গণনার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি গণনায় নগরবাসীকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান। এ সময় আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে একটি শোভাযাত্রা বের হয়।