অর্থনৈতিক সুযোগের বৈষম্য এখন প্রবল হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. জাহিদ হোসেন
ড. জাহিদ হোসেন

প্রথম আলো: বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি এক দশক ধরে গড়ে ৬ শতাংশের সামান্য ওপরে রয়েছে। কিন্তু সাধারণ মানুষ কীভাবে এই প্রবৃদ্ধির প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করতে পারছে?
জাহিদ হোসেন: সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার আয়-উপার্জন। আর এই আয় করতে গেলে মানুষকে কাজ করতে হয়, তা চাকরি, ব্যবসা বা দিনমজুর খাটা, যেটাই হোক না কেন। কতটা কাজের সুযোগ পাচ্ছে এবং কাজ করে তার বেতন, মুনাফা বা মজুরি নিয়মিত পাচ্ছে কি না, এগুলোই সবচেয়ে বেশি ভাবতে হয়। পাশাপাশি মানুষজন অস্থিরতা পছন্দ করে না। বাজারে দাম ঘন ঘন ওঠানামা করা থেকে যেকোনো ধরনের অস্থিতিশীলতা মানুষকে শঙ্কিত করে। এখন অর্থনীতি যদি চাঙা থাকে অর্থাৎ জাতীয় প্রবৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে চাকরি, ব্যবসাসহ বিভিন্ন কাজের সুযোগ বাড়বে, যা মানুষের আয়-উপার্জন বাড়াতে সহায়তা করবে। তাই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ। প্রবৃদ্ধির আবার দুটো উৎস রয়েছে। একটি হলো বিনিয়োগ। অন্যটি হলো উৎপাদনশীলতা বা প্রযুক্তিগত অগ্রগতি। সত্তরের দশকে বাংলাদেশের কৃষকেরা জমি চাষ করত হাল-বলদ ব্যবহার করে, নালা কেটে ও নলকূপ চেপে সেচের পানি এনে। আর এখন ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করে জমি চাষ করছে। এতে একই কাজ খুব কম সময়ে হয়ে যাচ্ছে, বা একই সময়ে অনেক বেশি ফসল উৎপাদন হচ্ছে। এটাই হলো প্রযুক্তিগত অগ্রগতি বা উৎপাদনশীলতা বৃদ্ধি। অন্যদিকে যখন বিনিয়োগ বাড়ে, তখন কল-কারখানা, রাস্তাঘাট তৈরি হয়। এসব কাজের শ্রমিকের চাহিদা বাড়ে।বাড়ে কর্মসংস্থান। এভাবেই প্রবৃদ্ধি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রথম আলো: বলা হচ্ছে, বাংলাদেশে প্রবৃদ্ধির পাশাপাশি আয়-বৈষম্য বাড়ছে।অর্থাৎ সম্পদের বণ্টন সুষ্ঠু বা সমানভাবে হচ্ছে না। তাহলে তো প্রবৃদ্ধির ফল সবাই সমানভাবে পাচ্ছে না।
জাহিদ হোসেন: প্রবৃদ্ধির ফলে বাংলাদেশে দারিদ্র্য কমছে। ২০০০ সালের ৫০ শতাংশ থেকে ২০১০ সালে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। আবার সরকারি খানা আয়-ব্যয় জরিপের পরিসংখ্যান থেকে যদিও দেখা যায় যে, এই সময়কালে আয়-বৈষম্য পরিস্থিতির তেমন অবনতি হয়নি। বৈষম্যের পরিমাপক যে জিনি অনুপাত, তা ২০০০ সালের দশমিক ৪৫১ থেকে ২০১০ সালে দশমিক ৪৫৮ হয়েছে। মানে বৈষম্য সামান্য বেড়েছে। কিন্তু এসব জরিপে যে বিষয়টি ধরা পড়ে না, তা হলো সমাজের সম্পদশীল ও ধনী মানুষের আয় পরিস্থিতি। বিশেষ করে শহরের ধনীদের বিষয়ে কোনো তথ্য এসব জরিপের মাধ্যমে সংগ্রহ করা খুব কঠিন। তার মানে এই ধনীদের আয়ের বিষয়টি অনেকটাই অনুপস্থিত থেকে যাচ্ছে, যা জরিপের ফলকেও প্রভাবিত করে। অথচ সাদাচোখেই অল্প মানুষের হাতে অনেক বেশি সম্পদ পুঞ্জীভূত হওয়ার বিষয়টি পরিষ্কার হয়। সে জন্যই বলা হচ্ছে যে প্রবৃদ্ধির ফল সবাই সমানভাবে পাচ্ছে না। তবে আয়বৈষম্যের চেয়েও এখন বড় হয়ে উঠছে অর্থনৈতিক সুযোগের বৈষম্য।
প্রথম আলো: এই সুযোগের বৈষম্যের বিষয়টি ব্যাখ্যা করে বলুন।
জাহিদ হোসেন: বাংলাদেশের মানুষ বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতি থেকে উঠে আসছে। সবাই শিক্ষা ও স্বাস্থ্যের সমান সুযোগ পাচ্ছে না। গ্রামের গরিব মানুষ চিকিৎসা নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে কোনো সুযোগ-সুবিধা নেই। অথচ এখানকার চিকিৎসকেরাই যখন প্রাইভেট প্র্যাকটিস করেন ও ক্লিনিকে বসেন, সেখানে ধনীরাই চিকিৎসাসেবা নিতে পারে। আবার যে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে ও ডিগ্রি নিয়ে বের হয়েছে, সে কিন্তু পিছিয়ে থাকছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সাধারণ স্কুলে লেখাপড়া করার কারণে। শহরের নামীদামি স্কুলে শিক্ষা নেওয়া আরেকজন ছাত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও ভাষাগত ও অন্যান্য অনেক দক্ষতায় সে পিছিয়ে থাকছে। কিন্তু এই পিছিয়ে থাকার জন্য সে দায়ী নয়। কেননা, সে তো সুযোগই পায়নি। রাষ্ট্র যদিও শিক্ষায় ভর্তুকি দিয়েছে, কিন্তু গ্রামে ছেলেটির শিক্ষার মান নিশ্চিত করতে পারেনি। এর ফলে ছেলেটি সুযোগের বৈষম্যের শিকার হলো। এভাবেই বাংলাদেশে কোটি কোটি মানুষ শিক্ষায় ও স্বাস্থ্যে সুযোগের বৈষম্যের শিকার হচ্ছে, পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়।
প্রথম আলো: তাহলে এই বৈষম্য রোধ করার উপায় কী? কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে?
জাহিদ হোসেন: দীর্ঘমেয়াদি এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে যথাযথ বিনিয়োগ করতে হবে। তার মানে হলো, সেই সব খাতে বিনিয়োগ করতে হবে যেন অধিক মানুষের কাজের সুযোগ হয়। বিশ্ববাজারের সঙ্গে যোগসূত্র বাড়ানোর দিকে জোর দিতে হবে। মানে রপ্তানিমুখী শিল্প বাড়াতে হবে। যোগাযোগ রেখে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য নেই। তবে জনশক্তি আছে। এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এ জন্য শ্রমঘন শিল্পকারখানায় বিনিয়োগ বাড়াতে হবে। তাতে করে কর্মসংস্থান ও আয় বাড়বে। তবে দীর্ঘমেয়াদি এর সুফল পাওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে সুবিধাবঞ্চিত ও বৈষম্যের শিকার মানুষজনকে সামাজিক সুরক্ষা দিতে হবে। এটা এমনভাবে দিতে হবে যেন যার পাওয়ার কথা সেই পায়। গরিব মানুষের নামে সম্পদ বরাদ্দ করার পর তা যদি তারা ঠিকমতো না পায়, তাহলে সেটা হবে আরেকটি বৈষম্য।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]