অর্থনৈতিক সুশাসন ও মূসক নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা
অর্থনৈতিক সুশাসন সূচক (ইজিআই) ও স্থানীয় অর্থনৈতিক সুশাসন কর্মসূচির বিষয়ে বগুড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।দি এশিয়া ফাউন্ডেশন ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লিলিমেট ফান্ড (বিআইসিএফ) স্থানীয় একটি মোটেলে গত মঙ্গলবার এ সভার আয়োজন করে।মতবিনিময় সভায় এশিয়া ফাউন্ডেশনের স্থানীয় অর্থনৈতিক সুশাসন কর্মসূচির পরিচালক সৈয়দ আল মূতী, বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জামাল মোল্লা, বিসিকের বগুড়ার উপমহাব্যবস্থাপক আলতাফ হোসেন, সরকারি আযিযুল হক কলেজের সহযোগী অধ্যাপক নূর আলম প্রমুখ বক্তব্য দেন। সভায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।এদিকে একই দিনে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ইস্যুতে একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মো. মমতাজ উদ্দিনসহ স্থানীয় ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীরা বক্তব্য দেন।সংলাপে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ ও ইটভাটার ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভ্যাটের হার নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।