বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে যেসব দেশ তেল ও অন্যান্য পণ্য রপ্তানি করে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে উন্নত দেশগুলোর জন্য এই ঝুঁকি এখনো মারাত্মক নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সংস্থাটির মতে, মূলত তেলের দাম হ্রাস, অস্থিতিশীল মুদ্রাবাজার ও সুদের হার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গত বছরের অক্টোবর থেকে এই প্রবণতা শুরু হয়েছে। আইএমএফ বলেছে, তেলের দাম কমায় তা সার্বিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। তবে যেসব দেশ তেল ও অন্যান্য পণ্য রপ্তানি করে তাদের ওপরই ব্যাপক হারে নেতিবাচক প্রভাব পড়ছে। ব্রাজিল, নাইজেরিয়া ও ভেনেজুয়েলার মতো দেশগুলো এই কাতারে পড়ে। এ ছাড়া ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় ঋণ গ্রহণকারী দেশসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করে আইএমএফ। বিবিসি