অর্থবছর শেষে লেনদেন কমেছে ৭৪ শতাংশ
শেয়ারবাজারে গত অর্থবছরের শুভ সূচনা বছর শেষে মিলিয়ে গেছে। সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতি দিয়ে ২০১১-১২ অর্থবছরটি শুরু হয়েছিল শেয়ারবাজারে। কিন্তু বছরের শেষ সময়ে এসে তা ছিল নিম্নমুখী।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এক অর্থবছরে কমেছে প্রায় এক হাজার ৬৮৫ পয়েন্ট। একই সময়ে লেনদেন প্রায় ৮৩৯ কোটি টাকা কমে নেমে এসেছে ৩০০ কোটি টাকায়। ডিএসইর তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী অর্থবছরে ঢাকার বাজারের সাধারণ সূচক প্রায় ২৬ শতাংশ এবং লেনদেন ৭৪ শতাংশ কমে গেছে।বিগত অর্থবছরে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল। এর প্রভাবে ২০১১-১২ অর্থবছরের প্রথম কার্যদিবসে (২০১১ সালের ৩ জুলাই) বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। ওই দিন ডিএসইর লেনদেন ছাড়িয়ে যায় এক হাজার ১৩৯ কোটি টাকা। একই দিন ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়ায় প্রায় ছয় হাজার ১৫৭ পয়েন্ট। পুরো জুলাই মাসজুড়ে বাজারের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। এর পর থেকে আবারও বাজারে অস্থিরতা দেখা দেয়। যার নেতিবাচক প্রভাব দেখা যায় সূচক ও লেনদেনে। একপর্যায়ে সূচক কমতে কমতে নেমে আসে তিন হাজার ৬১৬ পয়েন্টে। আর গত ২৮ জুন অর্থবছরের শেষ কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়ায় প্রায় চার হাজার ৫৭৩ পয়েন্টে। একই সঙ্গে লেনদেন নেমে এসেছে প্রায় ৩০০ কোটি টাকায়। তবে এই এক বছরে বাজারে ১৬টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এর আগে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত বছরের ২৩ নভেম্বর ঘোষণা করা হয় একগুচ্ছ প্রণোদনা প্যাকেজ। যেখানে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত ও এককভাবে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ ও শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিশেষ কোটা সংরক্ষণসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। তবে অর্থবছর শেষ হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও আইপিওতে কোটা সংরক্ষণের প্রণোদনার বাস্তবায়ন এখনো হয়নি। অর্থবছরের একেবারে শেষ প্রান্তে এসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, নতুন অর্থবছর (২০১২-১৩) থেকে এসব সুবিধা বাস্তবায়ন করা হবে। আর সুদ মওকুফের বিষয়ে এখনো এসইসি কোনো নির্দেশনা জারি করেনি। অর্থবছরের শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘বিগত অর্থবছরের পুরোটা সময়জুড়ে বাজারে শঙ্কা, অনিশ্চয়তা, আস্থাহীনতা বজায় ছিল। এ কারণে বাজারে আমরা স্থিতিশীল কোনো আচরণ দেখতে পাইনি। বরং বড় ধরনের একটি ধসের বাজার যেভাবে ধুঁকতে থাকে সেভাবেই ধুঁকেছে। এর ফলে বিনিয়োগকারীরা পুনরায় বিনিয়োগের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ পাননি। এ ছাড়া বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিয়ন্ত্রক সংস্থা যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল তার ফলেও বিভিন্ন সময় নতুন করে অস্থিরতা তৈরি করেছে।মোহাম্মদ হেলাল আরও বলেন, উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিধানটির কারণে পরিচালকদের বড় একটি গোষ্ঠী ক্ষুব্ধ হয়। এ কারণে নানা কৌশলের আশ্রয় নিয়ে বাজারকে নিচে নামানোর এক ধরনের প্রচেষ্টাও দেখা গেছে। এ ছাড়া অর্থবছরের বড় সময়জুড়ে এসইসিকে দিকনির্দেশনাহীন মনে হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। এদিকে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবারও কালোটাকা সাদা করার বিধানসহ বিদ্যমান সব সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছে সরকার। পাশাপাশি শেয়ারবাজারে বেশ কিছু সংস্কার-প্রক্রিয়া সম্পন্ন করার সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছে সরকার। এসব সংস্কার পরিকল্পনার মধ্যে রয়েছে—দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবসা ও ব্যবস্থাপনাকে আলাদা করা (ডিমিউচুয়ালাইজেশন); বাজারের অনিয়ম রোধে এসইসির সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন; ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন; স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা কোম্পানি করা; সিকিউরিটিজ আইন ও বিধিবিধান সংশোধন। এসব সংস্কার-প্রস্তাবনা বাস্তবায়নের পাশাপাশি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ সামনে রেখে আজ সোমবার থেকে শেয়ারবাজারে নতুন অর্থবছরের লেনদেন শুরু হবে।