অর্থবছরের আট মাসেও এডিপি বাস্তবায়নে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবছরের আট মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে খুব বেশি অগ্রগতি নেই। এ সময়ে আগের চেয়ে বাস্তবায়নের হার বাড়েনি, বরং কমেছে। এ বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৪ শতাংশ। যা বিগত পাঁচ অর্থবছরের একই সময়ের মধ্যে সবচেয়ে কম।

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে। আইএমইডি সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে খরচ হয়েছে ৩৪ হাজার ৬৭৪ কোটি টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৩৮৫ কোটি টাকা বা বরাদ্দের ৩৮ শতাংশ। এর আগের তিন অর্থবছরে বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ শতাংশ।

চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৩ হাজার ৯৯৭ কোটি টাকাসহ মোট এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ৯৯৭ কোটি টাকা।

আইএমইডির হালনাগাদ তথ্যে জানা গেছে, জুলাই-ফেব্রুয়ারি মাসে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ উৎসের ২২ হাজার ৮৫৪ কোটি টাকা খরচ হয়েছে। এ ছাড়া বিদেশি সহায়তার ১০ হাজার ৩৫৫ কোটি টাকা খরচ করেছে মন্ত্রণালয়গুলো। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৪৬৬ কোটি টাকা খরচ হয়েছে।

বেহাল অবস্থা: চলতি অর্থবছরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একটিমাত্র প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের চলতি এডিপিতে ৩ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু প্রথম আট মাসে মাত্র ২৬ লাখ ৩১ হাজার টাকা খরচ হয়েছে। এ মন্ত্রণালয়ের বাস্তবায়ন পারদর্শিতা মাত্র ৮ শতাংশ।

এমন আরও দশটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে যেগুলো বরাদ্দের ২০ শতাংশের কম খরচ করেছে। এগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, খাদ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়।

টাকা খরচে সবচেয়ে এগিয়ে আছে স্থানীয় সরকার বিভাগ। গত ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগটি খরচ করেছে ৭ হাজার ২৮৮ কোটি টাকা। যা বরাদ্দের ৪৫ শতাংশ। অন্যদিকে থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে ৮৯০ কোটি টাকা। এ খাতের কোনো টাকা খরচ হয়নি।