অর্থবছরের ছয় মাসে এডিপির ২৮ শতাংশ বাস্তবায়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার নানা পদক্ষেপের কথা ঘোষণা করলেও প্রথম ছয় মাসে দেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২৮ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। এ নিয়ে সরকারের শীর্ষ মহল রীতিমতো হতাশ।তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গত মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বৈঠকে বসেছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ মাসের ১৫ তারিখের মধ্যে ৩০ হাজার ৫০০ কোটি টাকার এডিপি সংশোধন করা হবে।বৈঠকে আরও জানানো হয়, ছয় মাসে এডিপির ২৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যার পরিমাণ আট হাজার ৬০০ কোটি টাকা।এদিকে পরিকল্পনা কমিশন থেকে এডিপি বাস্তবায়নের মন্ত্রণালয়ভিত্তিক পাঁচ মাসের বিস্তারিত হিসাব পাওয়া গেছে।এতে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে এডিপি বাবদ ব্যয় করা হয়েছে ছয় হাজার ৯০১ কোটি টাকা। এটি এ বছরের মোট বরাদ্দ ৩০ হাজার ৫০০ কোটি টাকার ২৩ শতাংশ। গত ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ে এডিপি বাবদ ব্যয় হয়েছিল চার হাজার ৫৩১ কোটি টাকা, যা ছিল ওই অর্থবছরের মোট বরাদ্দের ১৮ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে এডিপির বরাদ্দ ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা। এডিপি বাস্তবায়নের বরাদ্দের শীর্ষে থাকা ১০ মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তাদের বরাদ্দকৃত ৬৮৩ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে মন্ত্রণালয়টি ৪৫৪ কোটি টাকা খরচ করেছে, যার পরিমাণ মোট বরাদ্দের ৬৬ শতাংশ। এর পর আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে মন্ত্রণালয়টি তাদের বরাদ্দকৃত দুই হাজার ৮২৮ কোটি টাকার মধ্যে ৩৭ শতাংশ খরচ করে ফেলেছে। তার পর আছে কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয়ই তাদের বরাদ্দকৃত এডিপির ৩২ শতাংশ বাস্তবায়ন করতে সমর্থ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত পাঁচ মাসে তাদের সারা বছরের বরাদ্দ ছয় হাজার ৫১৩ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে এক হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয় করেছে, যা মোট বরাদ্দের ৩০ শতাংশ। এডিপি বাস্তবায়নের দিকে সবচেয়ে নিচে আছে গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি এ বছর এডিপি বাবদ বরাদ্দ পায় ৫৪৪ কোটি টাকা। পাঁচ মাসে তারা ব্যয় করতে পেরেছে মাত্র ২০ কোটি টাকা, যা মন্ত্রণালয়ের বরাদ্দের বিপরীতে মাত্র চার শতাংশ। পানিসম্পদ মন্ত্রণালয় তাদের মোট বরাদ্দের মাত্র ১২ শতাংশ ব্যয় করেছে। যোগাযোগ মন্ত্রণালয় এ বছরে বরাদ্দ পেয়েছে তিন হাজার ৬৯৯ কোটি টাকা। পাঁচ মাসে তারা ব্যয় করতে পেরেছে মাত্র ১৩ শতাংশ।বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রমে গতি আনার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়িত হচ্ছে না। কারণ ৩০ হাজার ৫০০ কোটি টাকার বিরাট এডিপির বিপরীতে পাঁচ মাসে মাত্র ২৩ শতাংশ বাস্তবায়ন হওয়া তারই প্রতিফলন।উল্লেখ্য, চলতি অর্থবছর এডিপিতে মোট ৮৮৬টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। গত অর্থবছর ছিল ৯০৪টি। গত অর্থবছর সংশোধিত এডিপির আয়তন ছিল ২৩ হাজার কোটি টাকা। এর বিপরীতে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা গেছে ১৯ হাজার ৬৬৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যা মোট বরাদ্দের ৮৬ শতাংশ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার গত অর্থবছরের জন্য ২৫ হাজার ৬০০ কোটি টাকার মূল এডিপি নির্ধারণ করে। পরে এই সরকার এসে তা কমিয়ে আনে।