অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় ৪৮৮ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়কালে পণ্য রপ্তানি থেকে ৪৮৮ কোটি ৭৪ লাখ ডলার আয় হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, জুলাই-আগস্ট সময়কালে ৪৭৬ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় ৪৮৮ কোটি ৭৪ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৬৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৬৩ শতাংশ বেশি।আলোচ্য সময়ে নিট ও ওভেন পোশাক রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হওয়ায় দেশের সামগ্রিক রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া পাটের সুতা, মসলা, পাদুকা, হিমায়িত মাছ, প্লাস্টিকপণ্য প্রভৃতি রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে ওভেন পোশাক খাত। দ্বিতীয় স্থানে রয়েছে নিট পোশাক খাত। ওভেন ও নিট পোশাক খাত থেকে যথাক্রমে ১৮৫ কোটি ও ১৮০ কোটি ডলারের রপ্তানি আয় হয়। শুধু আগস্ট মাসে ২৪৪ কোটি ডলারের রপ্তানি আয় হয়, যা ২৪১ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫৫ শতাংশ বেশি। একই সঙ্গে গত বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি।