অর্থবছরের দ্বিতীয় মাসেও প্রবাসী-আয়ে বড় অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের দ্বিতীয় মাসে, অর্থাৎ আগস্ট মাসেও প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) বড় প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১০৭ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।আগের বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৯৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে প্রবাসী-আয়ের প্রবাহ বেড়েছে প্রায় ১২ শতাংশ।আবার চলতি অর্থবছরের প্রথম মাসে, অর্থাৎ জুলাইতে প্রবাসীরা দেশে পাঠান ১০১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ডলার। আর আগের বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৮৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।ধারণা করা হচ্ছে, রোজার ঈদ সামনে রেখে গত জুলাই ও আগস্ট মাসে বেশি পরিমাণ প্রবাসী-আয় দেশে এসেছে। কেননা, প্রতিবছরই ঈদ সামনে রেখে প্রবাসীরা তাঁদের নিকটজনের কাছে বেশি অর্থ পাঠান। চলতি অর্থবছরের এই দুই মাসে প্রবাসী-আয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২০৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ডলার।এর আগে ২০১০-১১ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠান প্রায় এক হাজার ১৬৫ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। গত বছর প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি হয় মাত্র ৬ শতাংশ।তারও আগে অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন প্রায় এক হাজার ৯৯ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। সে বছর প্রবাসী-আয়ে আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছিল ১৩ দশমিক ২৫ শতাংশ।