অর্থবছরের নয় মাসে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে দুই হাজার ২২৪ কোটি ২৬ লাখ ডলারের। এই আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র শূন্য দশমিক ৮০ শতাংশ বেশি হলেও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।
এ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক ও হোম টেক্সটাইল রপ্তানিতে সুখবর না থাকলেও সামগ্রিক রপ্তানি আয়ের চিত্র এখনো সন্তোষজনক। প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৮ শতাংশ। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত এবং হিমায়িত খাদ্যপণ্য রপ্তানি ইতিবাচক ধারায় থাকাতেই এটি সম্ভব হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বৃহস্পতিবার প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। মার্চে ২৪১ কোটি ডলারে পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ শতাংশ কম এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭৯ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে ছিল ২৩৮ কোটি ডলার।
মোট রপ্তানি আয়ের মধ্যে ৮১ শতাংশ তৈরি পোশাক (নিট এবং ওভেন) খাত থেকে এসেছে। পরিমাণ এক হাজার ৮০৫ কোটি ডলার। পোশাকশিল্পের এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪১ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। অবশ্য আট মাস শেষে এই প্রবৃদ্ধি ছিল পৌনে ১৭ শতাংশ।
পোশাক খাতের মোট রপ্তানি আয়ের মধ্যে ওভেন পোশাক থেকে সর্বোচ্চ ৯২২ কোটি ও নিট পোশাক খাত থেকে ৮৮৩ কোটি ডলার এসেছে। ওভেনের এই আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৪০ শতাংশ বেশি। অন্যদিকে নিট লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ ও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৯৯ শতাংশ বেশি।
ইপিবির পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়ে হিমায়িত খাদ্যে ৪৯ কোটি, চামড়ায় ৩৮ কোটি ও চামড়াজাত পণ্যে ১৬ কোটি ডলার আয় হয়েছে। তিনটি পণ্যের ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে বরাবরের মতোই নেতিবাচক ধারাতেই আছে। আলোচ্য সময়ে খাতটি থেকে ৬১ কোটি ডলার রপ্তানি আয় হলেও তা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ ও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ কম।