অর্থবছরের প্রথম দিনে শেয়ারবাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ সোমবার থেকে শুরু হলো ২০১২-১৩ অর্থবছরের লেনদেন। নতুন বছরে শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশা সঞ্চার হয়েছিল। তবে বছরের প্রথম কর্মদিবসে তা যেন তীর হয়ে বিঁধল বিনিয়োগকারীদের বুকে।আজ সোমবার বড় ধরনের দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচকের বড় পতন হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে চার শতাংশের বেশি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে সোয়া তিন শতাংশ। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকের দরপতনকে অপ্রত্যাশিত ও দুর্বোধ্য হিসেবে আখ্যায়িত করেছেন। তবে অনেকে বলছেন, দেশের শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতন চলছিল। এর মধ্যে গত বুধ ও বৃহস্পতিবার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। অর্থবছরের শেষ দিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধার্থে বাজারে সক্রিয় ছিল। তবে নতুন বছরে এসব প্রতিষ্ঠান সক্রিয় না থাকায় দরপতনের ধারা ত্বরান্বিত হয়।এ ছাড়া আজ শেয়ার বিক্রির অতিরিক্ত চাপ থাকায় দরপতন হতে পারে বলেও মনে করছেন অনেকে।এ ছাড়া পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক ও এডিবি সরে যাওয়ার বিষয়টিও বাজারে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ ব্যাপারে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাজারে আজ শেয়ার বিক্রির কিছুটা চাপ ছিল। যার ফলে দরপতনের ঘটনা ঘটতে পারে।’ডিএসইর উচ্চপর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদ্মা সেতুর প্রকল্প থেকে বিশ্বব্যাংক ও এডিবি সরে দাঁড়ানোর ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা ধারণা করেছিলাম, বাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাবে। তবে আজকের দরপতন অনেকটা অপ্রত্যাশিত এবং দুর্বোধ্য।’আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯০ পয়েন্ট কমে ৪,৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৪৪৯ পয়েন্ট।এ দিকে গত অর্থবছরে প্রথম কর্মদিবসে (৩ জুলাই, ২০১১) ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছিল ৬,১৫৭ পয়েন্টে। আর শেষ কর্মদিবসে (২৮ জুন, ১২) এ সূচক দাঁড়িয়েছে ৪,৫৭২ পয়েন্টে। এ হিসেবে গত এক বছরে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে ১,৫৮৫ পয়েন্ট। আর গত এক বছরে ডিএসইর বাজার মূলধন ৩৮ হাজার কোটি টাকা কমেছে।