অর্থবছরের প্রথম মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত ৫০ কোটি ডলার
চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাই মাসে দেশে চলতি হিসাবের ভারসাম্যে ৫০ কোটি ডলারের উদ্বৃত্তাবস্থা দেখা দিয়েছে। এটি অবশ্য গত বছরের জুলাই মাসের তুলনায় সামান্য কম। ২০০৯ সালের জুলাই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৫৩ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায়, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।এই ধারাবাহিকতাতে গত ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।২০০৮-০৯ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে ২৪১ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছিল। আর ২০০৭-০৮ অর্থবছরে ৭০ কোটি ডলারের সমপরিমাণ চলতি হিসাবের উদ্বৃত্ত দেখা দিয়েছিল।