অর্থবছরের প্রথম মাসে প্রবাসী-আয়ে বড় অর্জন
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স (প্রবাসী-আয়) আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১০৩ কোটি ৮৯ লাখ ১০ হাজার ডলার।আগের বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৮৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।ধারণা করা হচ্ছে, রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে গত জুলাই মাস ও চলতি আগস্ট মাসে বেশি পরিমাণে প্রবাসী-আয় দেশে আসবে। কেননা, এ সময় প্রবাসীরা তাঁদের নিকটজনের কাছে ঈদ উপলক্ষে নানা উপকরণ কিনতে বেশি অর্থ পাঠাবেন। এর আগে সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠান প্রায় এক হাজার ১৬৫ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। গত বছর প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। এর আগের অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন প্রায় এক হাজার ৯৯ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। সে বছর প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ১৩ দশমিক ২৫ শতাংশ।