অর্থবছরের প্রথম মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাই মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি বৃদ্ধি পেয়ে ৬১ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রথম মাসেই ঘাটতি দ্বিগুণের বেশি হয়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। অবশ্য এটি প্রাথমিক প্রাক্কলন। আর অর্থবছরের প্রথম প্রান্তিকে শেষ হয়ে যাওয়ার পরও মাত্র এক মাসের লেনদেনে ভারসাম্য সারণির উপাত্ত পাওয়ায় প্রথম প্রান্তিকের প্রকৃত অবস্থা সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে এই সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩০ কোটি ১০ লাখ ডলার। গত বছর জুলাই মাসে এই ঘাটতি ছিল ২৬ কোটি ২০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার পাশাপাশি চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্তের পরিমাণও কমে গেছে। জুলাই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১৫ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে। আর গত বছরের জুলাই মাসে এর পরিমাণ ছিল ৩৯ কোটি ৩০ লাখ ডলার। এর মানে হলো চলতি হিসাবের উদ্বৃত্ত অর্ধেকের বেশি নেমে গেছে।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত থাকলে বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়। অবশ্য আলোচ্য সময়ে আর্থিক হিসাবের ভারসাম্য পরিস্থিতির নাটকীয় উন্নতি হয়েছে। গত বছর জুলাই মাসে যেখানে ৪১ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি ছিল, সেখানে এ বছর জুলাই মাসে তা ৩৮ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে।মূলত বিদেশি বিনিয়োগ ও বিদেশি ঋণের প্রবাহ বাড়ায় এ রকমটি হয়েছে বলে লেনদেনের ভারসাম্য সারণি বিশ্লেষণে দেখা যায়।এতে আরও দেখা যায় যে এ বছর জুলাই মাসে সার্বিক ভারসাম্যে ৫৭ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্তাবস্থা রয়েছে। গত বছর একই সময়ে প্রায় সাড়ে চার কোটি ডলারের ঘাটতি ছিল। এ থেকে অবশ্য প্রতীয়মান হয় যে লেনদেনের সার্বিক ভারসাম্যে বড় ধরণের চাপ নেই। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতার মধ্যেও এরই প্রতিফলন ঘটে।