অর্থবছরের প্রথমার্ধে ঘাটতি অর্থায়ন নিম্ন পর্যায়ে
চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে বাজেট ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাপকভাবে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে বাজেট ঘাটতি অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫৯৫ কোটি ৫০ লাখ টাকা। আর আগের ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ছয় মাসে এর পরিমাণ ছিল ১২ হাজার ৩৫০ কোটি টাকা।এই সময়কালে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ নেতিবাচক হয়ে গেছে। অর্থাত্ বলা যায়, সরকার যে পরিমাণ ঋণ করেছে, তার চেয়ে অনেক বেশি বকেয়া ঋণ পরিশোধ করেছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়কালে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ (-) নয় হাজার ৮১৭ কোটি ৩০ লাখ টাকা।অথচ গত অর্থবছরের একই সময় সরকার ব্যাংকব্যবস্থা থেকে পাঁচ হাজার ৬৫৯ কোটি ৮০ লাখ টাকা নিট ঋণ গ্রহণ করেছিল।তবে চলতি অর্থবছরের প্রথমার্ধে ব্যাংকবহির্ভূত উত্স থেকে সরকার নিট হিসাবে পাঁচ হাজার ৭৩৯ কোটি ৯২ লাখ টাকা ঋণ নিয়েছে, যার বেশির ভাগই এসেছে সঞ্চয়পত্র বিক্রি থেকে।আর ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকবহির্ভূত উত্স থেকে সরকার এক হাজার ৭৮৬ কোটি ৭৬ লাখ টাকা ঋণ নিয়েছিল। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে সঞ্চয়পত্রের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫০ কোটি ১৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি।গত অর্থবছরের একই সময় সরকার মোট ছয় হাজার ৬২৭ কোটি ৪২ লাখ টাকার সমপরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করেছিল।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, আলোচ্য সময়কালে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের নগদায়নের জন্য সরকারকে শোধ করতে হয়েছে ছয় হাজার ৯১৬ কোটি টাকা। ফলে অর্থবছরের প্রথমার্ধে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৪ কোটি ১৫ লাখ টাকা। আর ২০০৮-০৯ অর্থবছরের প্রথমার্ধে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ ছিল এক হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, ব্যাংকে জমা করা অর্থের ওপর প্রদেয় সুদের হার কমে যাওয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগ তুলনামূলকভাবে লাভজনক। এ কারণেই এ খাতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এ উত্স থেকে অর্থায়ন বেশি হয়েছে।এই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ব্যাংক আমানতের সুদের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার পুনর্বিন্যাস করার ওপর গুরুত্বারোপ করেছে। উল্লেখ্য, সঞ্চয়পত্রগুলো থেকে গড়ে পৌনে ১২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এ হিসেবে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ গ্রহণ করাটা সরকারের জন্য ব্যয়বহুল বিবেচিত হয়। সার্বিকভাবে অভ্যন্তরীণ উত্স থেকে সরকারের নিট ঋণ গ্রহণ আগের অর্থবছরের তুলনায় কমে গিয়ে নেতিবাচক হয়ে গেছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে অভ্যন্তরীণ উত্স থেকে নিট ঋণ গ্রহণ নেতিবাচক চার হাজার ৭৭ কোটি ৩৮ লাখ টাকায় উপনীত হয়েছে। ব্যাংকবহির্ভূত উত্স থেকে যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে, ব্যাংকব্যবস্থায় ঋণ ফেরত দেওয়া তার চেয়ে অনেক বেশি হওয়ায় সার্বিকভাবে এই নেতিবাচক চিত্র পাওয়া গেছে।অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর শেষে সরকারের হাতে প্রায় ১২ হাজার কোটি টাকার নগদ উদ্বৃত্ত রয়েছে। পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, অর্থবছরের প্রথমার্ধে বিদেশি ঋণ বাবদ সরকার ছয় হাজার ৬৭২ কোটি ৮৮ লাখ টাকা ঘাটতি অর্থায়নে ব্যবহার করেছে। গত অর্থবছরের একই সময় এর পরিমাণ ছিল চার হাজার ৯০৩ কোটি ৪৭ লাখ টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পরিসংখ্যান থেকে দেখা যায়, অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে মোট ১৩০ কোটি ৪১ লাখ ডলারের বিদেশি সহায়তা এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।একই সময় সরকার বিদেশি ঋণের মূল পরিশোধ বাবদ ব্যয় করেছে ৩৩ কোটি ৮৩ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে নিট বিদেশি সাহায্য দাঁড়িয়েছে ৯৬ কোটি ৫৮ লাখ টাকা। ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ছয় মাসে নিট বিদেশি সাহায্যের পরিমাণ ছিল ৭১ কোটি ৪৬ লাখ ডলার।অর্থ মন্ত্রণালয় স্বল্প সুদে অধিক পরিমাণে বিদেশি ঋণ পাওয়ার উদ্যোগ নেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, বর্তমানে বিদেশি ঋণের গড় সুদের হার প্রায় এক শতাংশ।