অর্থবছরের প্রথমার্ধে মেয়াদি শিল্পঋণের প্রবাহ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথমার্ধে দেশের শিল্প খাতে ব্যাংকব্যবস্থা থেকে মেয়াদি ঋণপ্রবাহ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে শিল্পঋণ প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৬১৫ কোটি টাকা। আর ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ছয় মাসে শিল্পঋণ প্রবাহের পরিমাণ ছিল আট হাজার ৯৪০ কোটি ৫১ লাখ টাকা।অর্থাত্ আলোচ্য সময়কালে শিল্পঋণের প্রবাহ বেড়েছে প্রায় ৪১ শতাংশ। ঋণপ্রবাহের এই বৃদ্ধি শিল্প খাতে অর্থায়নের চাহিদা বৃদ্ধির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সময়ে এসে মূলধনী যন্ত্রপাতি ও শিল্প কাঁচামাল আমদানিও বেড়ে গেছে, যা শিল্প উত্পাদন জোরদার হওয়ার ইঙ্গিত বহন করে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়কালে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ব্যাংকগুলোয় যে পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে তা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি।এতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ব্যাংকগুলো ৮৬ কোটি ৩৮ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে। আর গত অর্থবছরের একই সময়ে ঋণপত্র খোলার পরিমাণ ছিল ৬২ কোটি ৮৮ লাখ ডলার।অন্যদিকে একই সময়ে শিল্প খাতের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার হার বেড়েছে প্রায় তিন শতাংশ।আবার চলতি অর্থবছরে প্রথমার্ধে বিভিন্ন শিল্প যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ ছিল ৯৮ কোটি ৬৬ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ৫১ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে।২০০৯-১০ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে মেয়াদি ঋণ বিতরণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৪০৩ কোটি ২৩ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি।গত অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে ঋণ বিতরণের পরিমাণ ছিল চার হাজার ৯৫০ কোটি ৯৩ লাখ ডলার।তবে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মেয়াদি শিল্পঋণ হিসেবে সাত হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা বিতরণ করেছে। আগের অর্থবছর একই সময়ে বিতরণ করা শিল্পঋণের পরিমাণ ছিল তিন হাজার ৯৮৯ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাত্ এই সময়ে শিল্পঋণ বিতরণ বেড়েছে প্রায় ৮১ শতাংশ।এর আগে গত মাসে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বা গত পঞ্জিকা বছরের (২০০৯) শেষ প্রান্তিকে দেশের ব্যবসার আস্থা পরিস্থিতি আগের তুলনায় জোরদার হয়েছে। তাই ২০১০ সালের প্রথম প্রান্তিকে দেশে বিনিয়োগ ও ব্যবসায়িক মুনাফা বাড়বে বলে ব্যবসায়ীরা মত দিয়েছেন, যা আইএফসির জরিপ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।শিল্প খাতের ঋণপ্রবাহ বৃদ্ধিকে ব্যবসায় আস্থা জোরদার হওয়ার অন্যতম সূচক বলে মনে করা হচ্ছে।বিশ্বমন্দা কেটে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে পণ্য চাহিদা বাড়তে শুরু করেছে। এটি রপ্তানিমুখী শিল্প খাতে গতিময়তা ফিরিয়ে আনতে সহায়তা করছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। একাধিক ব্যাংক সূত্রে জানা গেছে, শিল্পঋণের বড় অংশই আলোচ্য সময়ে বস্ত্র, টেলিযোগাযোগ এবং জ্বালানি ও বিদ্যুত্ খাতে গেছে। এ থেকে ধারণা করা যায়, আগামী দিনগুলোয় এসব খাতের উত্পাদন বাড়বে। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এক হাজার কোটি টাকার যে প্রণোদনা সহায়তা দিয়েছে। পাশাপাশি অপ্রচলিত গন্তব্যে পণ্য রপ্তানির জন্য সহায়তাসহ একাধিক সাময়িক সুবিধা ঘোষণা করেছে। এগুলো শিল্প খাতকে উত্সাহিত করতে আগামী দিনগুলোয় আরও ভূমিকা রাখবে। শিল্পঋণ বিতরণ বাড়ার পাশাপাশি বকেয়া ঋণ আদায়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য অর্থবছরের প্রথমার্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আট হাজার ৫২৩ কোটি টাকার বকেয়া শিল্পঋণ আদায় করেছে। ২০০৮-০৯ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে আদায় করা বকেয়া শিল্পঋণের পরিমাণ ছিল সাত হাজার ৪৩ কোটি ৯৫ লাখ টাকা।