চলতি ২০১৫-১৬ অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে পিছিয়ে গেল আয়কর খাতটি। বছরের প্রথম মাস জুলাইয়ে এই খাতে ঘাটতি হয়েছে ৩৫৭ কোটি টাকা। এই মাসে ২ হাজার ৩৪৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। আর এই সময়ে আয়কর আদায়ের লক্ষ্যছিল ২ হাজার ৭০৪ কোটি টাকা।
তবে আগের ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাসের চেয়ে এবারে একই সময়ে আয়কর আদায়ে ১৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এর মানে আগের বছরের চেয়ে আয়কর আদায় বেড়েছে। গত অর্থবছরের জুলাই মাসে আয়কর আদায় হয়েছে ২ হাজার ৮২ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী আলোচ্য জুলাই মাসে সবচেয়ে বেশি আদায় হয়েছে বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ)। এ ইউনিট জুলাই মাসের লক্ষ্যঅর্জন করেছে। ইউনিটটি ৭৩৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে বড় কোম্পানিগুলোর কাছ থেকে মোট ৭৪০ কোটি টাকার কর আদায় করেছে। ঢাকা কর অঞ্চল-১আদায় করেছে ৩২১ কোটি টাকা। ২১০ কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কর অঞ্চল-১। ঢাকা কর অঞ্চল-২আদায় করেছে ২০০ কোটি টাকা এবং ১১০ কোটি টাকা আদায় করেছে ঢাকা কর অঞ্চল-৪। আর সবচেয়ে কম আট কোটি টাকা করে কর আদায় করেছে ঢাকার কর অঞ্চল-৯, কর অঞ্চল-১৪ও বরিশাল কর অঞ্চল।