অর্থবছরের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে দিনভর সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে চলতি ২০১১-১২ অর্থবছরের শেষ কার্যদিবসের লেনদেন সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে অস্থিরতার মধ্য দিয়েই আরও একটি অর্থবছর পার করল দেশের শেয়ারবাজার।দেশের উভয় শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার উত্থান-পতন দেখা গেলেও দিন শেষে অবশ্য মূল্যসূচক খানিকটা বেড়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক দিন শেষে প্রায় ২২ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ৬৯ পয়েন্ট।আগের দুই কার্যদিবসে মূল্য-সূচকে বড় ধরনের উত্থানের পর গতকালের আচরণকে স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, একে তো অর্থবছরের শেষ কার্যদিবস, তার ওপর মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তো ছিলই। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আশাবাদ জাগিয়েই গতকাল দিনের লেনদেন শুরু হয়। এরপর বাজারে শেয়ার বিক্রির চাপ কিছুটা বাড়ায় সূচক নিম্নমুখী হয়।’ প্রতিবেদনে আরও বলা হয়, ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত এসইসির চূড়ান্ত সিদ্ধান্তের পর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।জানতে চাইলে সিএসইর সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যেহেতু গতকাল ছিল অর্থবছরের শেষ কার্যদিবস, তাই এ দিনটির সঙ্গে বছরের অন্য দিনগুলোর লেনদেনের কিছুটা ভিন্নতা ছিল। প্রাতিষ্ঠানিক অনেক বিনিয়োগকারী গতকাল শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছে। এ কারণে অন্যান্য দিনের চেয়ে গতকালের বাজারে সূচকের উত্থান-পতন একটু বেশি ছিল। তা সত্ত্বেও দিন শেষে বাজারে সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনের গতিও ছিল ভালো।’সিএসইর সাবেক সভাপতি আরও বলেন, ‘রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি একটি তহবিল সংগ্রহ করেছে। এ তহবিলের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ হবে। এ খবরও বাজারে গতি ফিরিয়ে আনতে সহায়তা করেছে। তবে বাজারের বর্তমান গতিধারা কত দিন বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়। যদি এ ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে বাজার শিগগির স্থিতিশীল অবস্থান ফিরে পাবে।’ এদিকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের তথ্য চেয়ে দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছেও এ-সংক্রান্ত তথ্য চেয়েছে এসইসি।অর্থবছর ও সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকার শেয়ারবাজারে ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ১২৬টি কোম্পানির দাম বেড়েছে আর কমেছে ১২৭টির। ডিএসইতে গতকাল প্রায় ৩০০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকার মতো বেশি। এ ছাড়া গত ৬ জুনের পর আবারও লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৫৭৩ পয়েন্টে।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ১০৪টির দাম কমেছে, বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা কম।