অর্থবছরের শেষ দিনে হোঁচট খেল বাজার
চলতি অর্থবছরের শেষ দিন আজ রোববার কিছুটা হোঁচট খেল দেশের শেয়ারবাজার। এ দিন লেনদেনের শুরুতে সূচকের সামান্য ওঠানামায় লেনদেন চললেও পরে নিম্নমুখী প্রবণতা লক্ষ যায়। এমনকি লেনদেনের শেষ পর্যন্ত নিম্নমুখী এই প্রবণতা অব্যাহত ছিল। তবে শেষের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী মোড় নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাজার।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের শেষ দিনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাঁদের হিসাব সমন্বয় করার কারণে বাজারে নিম্নমুখী এই প্রবণতা। তবে ‘বাজার নিম্নমুখী’ প্রবণতায় যাবে এমন গুজবও এর পেছনে কাজ করতে পারে বলে মনে করছেন অনেকে।এ বিষয়ে জানতে চাইলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বছরের শেষ কর্মদিবসে বিনিয়োগকারীরা নিজেদের হিসাবে সমন্বয় করার কারণে বিক্রির কিছুটা চাপ ছিল। এর ফলে স্বাভাবিকভাবেই নিম্নমুখী প্রবতা লক্ষ করা যায়।তবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহসভাপতি তানজিল চৌধুরী বলেন, ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘিরে কিছুদিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। তবে বাজারে একটি গুজব রয়েছে যে বাজার আবার নিম্নমুখী প্রবণতায় যাবে। এ গুজবটি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১০৪ পয়েন্টে। এর আগে সকালে সূচকের ওঠানামা প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সূচক নিম্নমুখী হয়ে বেলা একটার দিকে ৮২ পয়েন্ট কমে যায়। এরপর সূচক মোড় নিলেও শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে। ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির দাম কমেছে, বেড়েছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৫৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। এ ছাড়া বিএসসিসিএল, পদ্মা অয়েল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কনফিডেন্স সিমেন্ট, আফতাব অটো লেনদেনের শীর্ষে উঠে আসে।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৩৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টির দাম কমেছে, বেড়েছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।সিএসইতে আজ ৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম।